কিংবদন্তিদের পোর্ট্রেট আঁকার কার্যক্রম

‘হ্যাপি বার্থ ডে টু কসমস’... ‘হ্যাপি বার্থ ডে টু কসমস’...‘মোমটায় ফুঁ দেন অলকেশ দা’— বললেন তেহমিনা এনায়েত। গ্যালারি কসমস-এর পরিচালক তিনি।
বড় বড় সাদা চুলের শিল্পী অলকেশ ঘোষ ফুঁ দিয়ে কেকের ওপরে থাকা মোমের শিখাটি নিবিয়ে দিলে হাততালি দিতে শুরু করলেন তেহমিনা। শিল্পীদের মতো শিশুসুলভ সরলতা তাঁর ভেতরেও রয়েছে। নিজে আঁকেন না বটে, কিন্তু ছবির প্রতি ভালোবাসা, মমতার কমতি নেই তাঁর। শিল্পীবেষ্টিত হয়ে গ্যালারির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। তাঁদের প্রিয় গ্যালারি চার পেরিয়ে পা রাখল পাঁচে।
২০১১ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় এই গ্যালারি। প্রতিষ্ঠাকালীন গল্প বলতে গিয়ে কালিদাস কর্মকার প্রথম আলোকে জানান, গ্যালারি শুরু করার প্রস্তাব তিনিই শিল্পসংগ্রাহক এনায়েত উল্লাহ খানকে দেন। সঙ্গে যুক্ত হয় ‘আঁতেলিয়ের ৭১’ প্রিন্টমেকিং স্টুডিও। ১৯৮০ থেকে ১৯৮৫—এই পাঁচ বছর কালিদাস কর্মকার কাজ করেছিলেন প্যারিসে এস ডব্লিউ হেইতার-এর বিখ্যাত স্টুডিও ‘আঁতেলিয়ের ১৭’-তে। সেখান থেকেই তিনি নিয়েছেন নামটি। শুধু জুড়ে দিয়েছেন মুক্তিযুদ্ধের সালটি। শুরু থেকে এই গ্যালারি ও প্রিন্টমেকিং স্টুডিওকে শিল্পবিষয়ক নানা পরামর্শ দিয়ে আসছেন এই শিল্পী। তিনি বলেন, ‘সবাই খ্যাতিমান শিল্পীদের নিয়ে কাজ করে, তাঁদের পৃষ্ঠপোষকতা করে। যাঁদের খ্যাতি নেই গ্যালারি কসমস তাঁদের নিয়ে কাজ করছে।’ এই শিল্পী দাবি করেন, চিত্রকলা বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে মর্যাদা এনে দিয়েছে। অন্য শিল্পগুলো সেটা পারেনি। সেজন্য চিত্রকলা নিয়ে আরও মনোযোগী হওয়া দরকার।
শনিবার সন্ধ্যায় এই আনন্দ আয়োজনের মধ্যেই সূত্রপাত হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ ঘটনার। প্রয়াত মনীষী ও জীবিত খ্যাতিমানদের মুখচ্ছবি আঁকার একটি আর্টক্যাম্প উদ্বোধন করলো গ্যালারি কসমস-২। মহাখালির নতুন ডিওএইচএস-এর এই গ্যালারিতে আর্টক্যাম্পটির জন্য ২০ জন শিল্পীর জন্য ক্যানভাস এবং রঙ এনে রাখা হয়েছিল। এই শিল্পীদের আঁকা দুই জন করে কিংবদন্তির মোট ৪০টি পোর্ট্রেট নিয়ে আগামী তিনমাস পর এই গ্যালারিতে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।

চিত্রশিল্পীদেরকে নিয়েই চারটি বছর কাটিয়েছে গ্যালারি কসমস-২। শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাই শিল্পীদের নিয়েই আয়োজন করা হয়েছিল আড্ডার। কালিদাস কর্মকার, অলকেশ ঘোষ, আব্দুল আজীজ, বীরেন সোম, কনক চাঁপা চাকমা, বিপাশা হায়াত, আফরোজা জামিল কংকা, কুহু প্লামান্ডন, রেজাউন নবী, আনিসুজ্জামান, দিলরুবা লতিফ রোজী, সৌরভ চৌধুরীসহ আরও অনেকে হাজির হয়েছিলেন সেখানে।
গ্যালারিটির পরিচালক তেহমিনা এনায়েত বলেন, ‘আমাদের জন্য আনন্দের ব্যাপার হচ্ছে, ঢাকার বাইরে যাঁরা আঁকেন, তাঁদের এগিয়ে নেওয়ার জন্য তাঁদের ছবি নিয়ে প্রদর্শনী করেছি। আগামী অক্টোবরে কানাডা, শ্রীলঙ্কা, ভারত ও নেপালের শিল্পীদের নিয়ে একটি প্রদর্শনী করার পরিকল্পনা আছে।’
তাঁর কাছে জানতে চাই, তাঁর ছবি আঁকতে ইচ্ছে করে কি না। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি ছবি আঁকতাম। একদম খারাপ আঁকতাম না। সব মিলিয়ে সেটা আর চালিয়ে যাওয়া হয়নি। ছবির প্রতি ভালোবাসা আছে বলেই গ্যালারি, শিল্পীদের সঙ্গে থাকতে ভালোবাসি। আমাদের মৌচাকের আঁতেলিয়ারে এচিং করানো হয়। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে বেশ কবার এচিংয়ে অংশ নিয়েছি। এত ভালো লেগেছে যে, সেটা বলে বোঝানো যাবে না।’
ঢাকার বাইরের আঁকিয়ে ও তরুণ শিল্পীদের নিয়ে কর্মশালা ও তাঁদের ছবির প্রদর্শনীও করা হয়েছে তাঁদের উদ্যোগে। এতে অনুপ্রাণিত হয়েছেন তরুণ শিল্পীরা। সামনে এরকম আরও পরিকল্পনা আছে তাঁদের।
গ্যালারিটি ঘুরিয়ে দেখানোর সময় শিল্পী আফরোজা জামিল জানান, ২০০৯ সালে তাঁর শেষ একক চিত্রপ্রদর্শনী হয়েছে। শিগগির আরও একটি একক প্রদর্শনীর পরিকল্পনা করছেন তিনি। গ্যালারি কসমস-২-এর সঙ্গে কীভাবে জড়িত জানতে চাইলে তিনি হাসতে হাসতে বলেন, ‘কিপিং দ্য কি টু কিউরেটিং’। পেপার ম্যাশে অ্যাক্রিলিক অন ক্যানভাসে আঁকা সুন্দরবন নামে তাঁর একটি ছবি ঝুলছিল গ্যালারির দেয়ালে। তিনি জানান, সুন্দরবন নামের একটি আর্টক্যাম্পে ছবিটি আঁকা। ছবির ক্যানভাস থেকে একটি বাঘের মুখ উদ্ভাসিত হতে দেখা যাচ্ছে সেই ছবিতে।
শিল্পী পূণর্মিলনী, আর্টক্যাম্পের উদ্বোধন ছাড়াও গ্যালারির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের সংগ্রহে থাকা খ্যাতিমান শিল্পীদের দুর্লভ কিছু ছবি নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ছবিগুলো দেখে আসা যাবে।
