কিআনন্দে সুরের জোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিআনন্দ অনুষ্ঠানে গাইছে তীরন্দাজ
কিআনন্দ অনুষ্ঠানে গাইছে তীরন্দাজ

প্রখর রোদ। সঙ্গে প্রচণ্ড গরম। আবার মিনিট পাঁচেকের একপশলা বৃষ্টি। এসবের কিছুই বাধা হতে পারেনি তারুণ্যের উচ্ছ্বাসের কাছে। এর মধ্যেই গত শুক্রবার ‘কিআনন্দ’ উৎসবে মেতে ছিলেন চট্টগ্রামের হাজারো শিশু-কিশোর ও তরুণ-তরুণী। তাঁদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনের মধ্যে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই উৎসব। জনপ্রিয় ম্যাগাজিন কিশোর আলোর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়।

বর্ণাঢ্য সব আয়োজনে এমনিতেই অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসের কমতি ছিল না, তাঁদের আনন্দ আরও বাড়িয়ে দেয় দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনা। তাঁরা দুপুর থেকে বিকেল পর্যন্ত একের পর এক প্রিয় গান করে দর্শকদের মাতিয়ে রাখেন।

িমনার
িমনার

সকালের উদ্বোধনী পর্ব ও বিভিন্ন প্রতিযোগিতার পর ছিল দুপুরের বিরতি। এরপর বেলা দুইটার দিকে শুরু হয় আমন্ত্রিত শিল্পী ও ব্যান্ডের গান। শুরুতেই মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ড তীরন্দাজ। ‘বন্ধু’ শিরোনামের গান দিয়ে শুরু হয় তাদের পরিবেশনা। তারা ‘অন্ধকার ঘরে’ দিয়ে যখন শেষ করছিল, তখন তা সবার মুখে মুখে। এই ব্যান্ড কাজী নজরুল ইসলামের ‘কাণ্ডারি হুঁশিয়ার’ ও নিজেদের ‘পাগলাটে এক গান’ করে।

তীরন্দাজের পর মঞ্চে আসেন চট্টগ্রামেরই মেয়ে পাওয়ার ভয়েসখ্যাত শিল্পী আনিকা। এসেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দর্শকদের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তিনি। শুরু করেন শচীন দেববর্মনের ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ গান দিয়ে। তিনি ‘তুই সে আমার মন’ এবং চট্টগ্রামের অঞ্চলের জনপ্রিয় গান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’।

এরপর মঞ্চে গান পরিবেশনের জন্য ব্যান্ড ‘বে অব বেঙ্গল’কে আমন্ত্রণ জানান উপস্থাপিকা। আর দর্শক তুমুল হর্ষধ্বনিতে স্বাগত জানায় এই ব্যান্ডকে। শুরুতেই যন্ত্রসংগীতের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে তোলে তারা। তারপর একে একে পরিবেশন করে ‘ওপারে’, ‘বিদ্রোহ’ ও ‘যে শহরে আমি নেই’। তাদের প্রতিটি গানের সঙ্গে ঠোঁট মেলান তরুণ-তরুণীরা।

বে অব বেঙ্গল
বে অব বেঙ্গল

প্রখর রোদ ও প্রচণ্ড গরম—কিছুই তারুণ্যের উচ্ছ্বাসে বাধা হতে পারেনি। দিনব্যাপী আয়োজনের শেষ পর্যায়ে মঞ্চে আসেন তরুণ-তরুণীদের প্রিয় শিল্পী মিনার। তাঁর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক। দর্শকদের চিৎকার থামতেই ‘কারণে অকারণে’ গান করেন। এরপর পরিবেশন করেন ‘দেয়ালে দেয়াল’। সব শেষে করেন ‘ঝুম’। তাঁর গানের মধ্যে দিয়ে শেষ হয় দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের।

গাইছেন আনিকা
গাইছেন আনিকা

এর আগে শুক্রবার সকালে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, প্রথমআলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, শিল্পী মিনার, টেন মিনিট স্কুলের উদ্যোক্তা আয়মান সাদিক ও প্রথমআলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভিশন বিভাগের ব্যবস্থাপক কবির বকুল। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সামিয়া শারমিন।

উদ্বোধনী পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে অংশ নেয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও সিলভার বেলস গার্লস স্কুলের শিক্ষার্থীরা। এ ছাড়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় জাহানারা ইমাম, আইনস্টাইন, সুপারম্যানসহ বিভিন্ন চরিত্র ধারণ করে শিশু-কিশোরেরা। আবার আরেকটি পর্বে কিশোর আলো দল মুখোমুখি হয় স্কুল শিক্ষার্থীদের।