কিইরা নাইটলির সঙ্গে জুটি বাঁধছেন সাইফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য লাইফ অব লর্ড মাউন্টব্যাটেন’ ছবির কাজ হাতে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চিত্রনির্মাতা গুরিন্দার চাধা। এক খবরে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ছবিটিতে জুটি হিসেবে দেখা যাবে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’খ্যাত ব্রিটিশ অভিনেত্রী কিইরা নাইটলি এবং বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে।এরই মধ্যে ছবিটিতে জহরলাল নেহরু চরিত্রে অভিনয়ের জন্য সাইফকে প্রস্তাব দিয়েছেন ‘ব্রাইড অ্যান্ড প্রিজুডিস’খ্যাত নির্মাতা গুরিন্দার চাধা। এ ছাড়া জিন্নাহ চরিত্রে বলিউডের আরেক অভিনেতা নাসিরুদ্দিন শাহকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন তিনি। ছবির নাম ভূমিকার অভিনেতা হিসেবে তাঁর পছন্দের তালিকায় এগিয়ে আছেন কলিন ফার্থ। এরই মধ্যে নাসিরুদ্দিন শাহ এবং কলিন ফার্থের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছেন গুরিন্দার চাধা।কিইরা নাইটলির চরিত্রটি সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, তাঁকে অবিভক্ত ভারতের সর্বশেষ ভাইসরয় বা গভর্নর জেনারেল লুইস মাউন্টব্যাটেনের স্ত্রী এডুইনা মাউন্টব্যাটেনের চরিত্রে দেখা যাবে। জহরলাল নেহরুর সঙ্গে এডুইনার রোমান্টিক সম্পর্ক নিয়ে নানা গল্প প্রচলিত আছে।উল্লেখ্য, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত গুরিন্দার চাধার ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন কিইরা নাইটলি।