কিউবা ভ্রমণের অনুমতি ছিল বিওন্সির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকারের অনুমতিপত্র নিয়েই কিউবা ভ্রমণে গিয়েছিলেন মার্কিন তারকা দম্পতি বিওন্সি ও জে-জি। সাংস্কৃতিক সফর হিসেবে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের কাছ থেকে অনুমতি পাওয়ার পর কিউবা যান তাঁরা। যুক্তরাষ্ট্র ও কিউবা আলাদা হওয়ার পর থেকে মার্কিন নাগরিকদের কিউবা ভ্রমণের জন্য সরকারি অনুমতিপত্রের প্রয়োজন হয়। সম্প্রতি বিবাহবার্ষিকী উদযাপন করতে বিওন্সি ও জে-জি কিউবা যাওয়ার আগে অনুমতি নিয়েছিলেন কি না সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেই জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুমতি না নিয়ে সেখানে গিয়ে থাকলে তাঁদের জরিমানা গুনতে হতে পারে বলেও জানানো হয়েছিল।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিওন্সি ও জে-জি তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করতে সরকারি অনুমতিপত্র নিয়েই কিউবা গিয়েছিলেন। সেখানে বেশ কজন কিউবান শিল্পী ও মিউজিশিয়ানের সঙ্গে তাঁদের সাক্ষাত্ হয়েছে। বেশ কটি নৈশ ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তাঁরা।যুক্তরাষ্ট্র সরকারের অনুমতিপত্র ছাড়া পর্যটকদের কিউবা যাওয়ার নিয়ম না থাকলেও শিক্ষা, ধর্ম ও সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য দেশটিতে ভ্রমণের অনুমতি পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ অনেকটাই শিথিল করেছে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন।