কিউবি জাংশনে এবার ১১টি ব্যান্ডদল
আগামী ২ জুলাই মিরপুরের ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে কিউবি জাংশন। এবারের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য এরই মধ্যে ১১টি ব্যান্ডদলকে চূড়ান্ত করা হয়েছে। এদের মধ্যে এলআরবি, দলছুট এবং অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস আগেরবার পারফর্ম করলেও এবার তাদের মধ্যে শেষের ব্যান্ডদলটির থাকা হচ্ছে না। এলআরবি এবং দলছুটের পাশাপাশি কিউবি জাংশনে এবার নতুন করে যুক্ত হয়েছে সোলস, মাইলস, রেঁনেসা, ফিডব্যাক, ওয়ারফেইজ, আর্টসেল, ক্রিপটেক ফেইট, নেমেসিস ও প্রয়াত পপগুরু আজম খানের গড়া ব্যান্ডদল উচ্চারণ। এ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এবারের অনুষ্ঠান সম্পর্কে কিউবির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আশিকুর রহমান বলেন, ‘অনলাইনে নিবন্ধনের মধ্য দিয়ে কিউবি ব্যবহারকারীরা শুধু অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবে। আগামী ২৮ জুন কিউবি ব্যবহারকারীদের ই-মেইলের মাধ্যমে নিবন্ধনের লিংক পাঠানো হবে। সেখান থেকে নির্বাচিত সদস্যরাই অনুষ্ঠানে অংশ নিতে পারবে।’ আশিকুর রহমান আরও বলেন, অনুষ্ঠানের মাধ্যমে সংগীতপ্রেমীদের কাছে ব্যান্ডদলগুলো এবং তাদের প্রিয় তারকার প্রথমদিককার ইতিহাস, যাত্রা শুরু, সংগ্রাম, আলোচিত সময়ের ঘটনা, ব্যান্ডের লাইন আপসহ সব অজানা তথ্য, গল্প ও উক্তি তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হবে। অনুষ্ঠানে রক সংগীতের ইতিহাসে বর্তমান সদস্যদের পাশাপাশি প্রাক্তন সদস্যরাও অনুষ্ঠানে পারফর্ম করবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যান্ড সদস্যরাও বক্তব্য দেন।