
প্রদর্শনীটি ব্যতিক্রমী। এখানে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ক্যানভাস বা আর্ট পেপারে নয়, পোশাকে উপস্থাপিত হয়েছে। ধানমন্ডির সাতমসজিদ রোডের গ্যালারি টোয়েন্টি ওয়ানের দেয়ালজুড়ে ছড়িয়ে জ্যামিতিক নকশার নানা পোশাক। সাদা আর কালোর মিশেলে তৈরি শাড়িতে নান্দনিকভাবে উঠে এসেছে ত্রিভুজ। আবার কোনো শাড়ির জমিন কিংবা পাড়ে ঘটেছে চতুর্ভুজের সম্মিলন। কোথাও বা মিলেছে বৃত্তের সন্ধান। শিল্পচর্চার এই ধারাটির নাম কিউবিজম।
গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলছে ফ্যাশন হাউস সাদাকালো আয়োজিত কিউবিজম ধারার এ প্রদর্শনী। পোশাকের সঙ্গে উপস্থাপিত হয়েছে কিউবিজম ধারার চিত্রকর্মের প্রিন্ট কপি।
শুধু শাড়ি নয়, জ্যামিতির এই মজার মজার নকশাগুলো জুড়ে গেছে মেয়েদের সালোয়ার, কুর্তার জমিনে, ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট কিংবা ফতুয়ায়। নকশাগুলো নেওয়া হয়েছে পাঁচ শিল্পীর কিউবিজম ধারায় সৃষ্ট শিল্পকর্মের ফর্ম থেকে। শিল্পীরা হলেন দেবদাস চক্রবর্তী, মোহাম্মদ কিবরিয়া, মুর্তজা বশীর, আমিনুল ইসলাম ও কাজী আবদুল বাসেত।
পোশাকের পাশাপাশি উপস্থাপিত হয়েছে খ্যাতিমান শিল্পীদের কিউবিজম ধারার চিত্রকর্মের প্রিন্ট সংস্করণ। জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে জ্যামিতিক গড়নে চিত্রিত এক নারী। ‘ফুল মুন’ বা ‘পূর্ণ চন্দ্র’ শিরোনামের ছবিটির চিত্রকর মোহাম্মদ কিবরিয়া। মাথায় মাছ নিয়ে দাঁড়িয়ে দুই নারী ‘মাছ বিক্রেতা’ শীর্ষক এ ছবিটির কারিগর কাজী আবদুল বাসেত। মুর্তজা বশীরের চিত্রিত ছবিতে নারীর হাতে ধরা সূর্যমুখী ফুল। উপস্থাপিত হয়েছে ‘টাইম অ্যান্ড স্পেস’ শিরোনামের দেবদাস চক্রবর্তীর ছবি। ‘থ্রি মিউজিশিয়ানস’ শিরোনামে পাবলো পিকাসোর ছবিটির ভিন্ন স্বাদ দেয়। গিটার, বেহালা ও স্যাক্সোফোন নিয়ে সুরের মূর্ছনায় মেতেছে তিন সংগীতশিল্পী। জর্জ ব্যাকের ছবিটির শিরোনাম ‘ভায়োলিন অ্যান্ড ক্যান্ডেলস্টিক’। এ ছাড়া রয়েছে জ্যাঁ প্রিন্স ও জিন মিটজিঙ্গারসহ পাঁচ শিল্পীর কিউবিজম ধারায় আঁকা চিত্রকর্মের ডিজিটাল প্রিন্ট সংস্করণ।
প্রদর্শনী শুরু হয়েছে ১২ জুন। চলবে ৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে। গ্যালারি টোয়েন্টি ওয়ানের উদ্যোক্তা শিল্পী শামীম সুব্রানা জানান, প্রদর্শনীর অংশ হিসেবে আগামীকাল বিকেল চারটায় সাদাকালো ও গ্যালারি টোয়েন্টি ওয়ানের উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘জীবন যাপনে শিল্পের ব্যবহার’ শীর্ষক আলোচনা।
বিংশ শতাব্দীর প্রথম দশকে কিউবিজম শিল্পধারার বিকাশ ঘটেছিল ইউরোপে। বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো এই ধারায় দীর্ঘদিন কাজ করেছিলেন। আর শিল্পী জর্জ ব্যাকের সৃষ্টির অন্বেষায় প্রবর্তিত হয়েছিল এই ধারা। মূলত জ্যামিতিক ফর্মে উপস্থাপিত হয় এই শিল্পধারাটি। এ দেশেও কিউবিজম ধারায় অনুপ্রাণিত হয়ে কাজ করেছেন অনেক শিল্পী।