আরটিভিতে আজ রাতে প্রচারিত হবে সরাসরি গানের অনুষ্ঠান বসুধা তোমার জন্য আমার এ গান। অনুষ্ঠানে এবারের শিল্পী শাকিলা জাফর। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সায়েম, পরিচালনা করছেন তানিফ মাহমুদ। কথা হলো শাকিলা জাফরের সঙ্গে।‘বসুধা তোমার জন্য...’ অনুষ্ঠানে আজ কী কী গান করছেন?যেহেতু এটি দর্শক অংশগ্রহণে সরাসরি অনুষ্ঠান, তাই প্রথমে নিজের গাওয়া নির্বাচিত কিছু গান করব। এরপর দর্শকের অনুরোধে গাইতে চেষ্টা করব। তবে কিছু নতুন গান করারও ইচ্ছে আছে। আপনি কি মনে করেন, দেশে এখন সংগীতচর্চা সঠিকভাবে হচ্ছে?সংগীত হলো চর্চার বিষয়। সেই হিসেবে অনেক সময় মনে হয়, এখন প্রকৃত গুণী শিল্পীর মূল্যায়নটা সঠিকভাবে হচ্ছে না। এখন কোথায় যেন একটা ছন্দপতন ঘটে গেছে। এখন আমরা অসুরের পেছনে দৌড়াচ্ছি। ভালো শিল্পীর অ্যালবাম, ভালো কোনো গান বা গানের অনুষ্ঠানের সঠিক সমালোচনা আগের মতো হচ্ছে না। সুবীর নন্দীর সুরে আপনার দ্বিতীয় অ্যালবামের প্রস্তুতি চলছিল, সেটার কী অবস্থা?অ্যালবামের সব গান গাওয়া শেষ। এখন বাকিটা দাদার (সুবীর নন্দী) ওপর। তিনিই ঠিক বলতে পারবেন, কবে, কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটি বের হবে। নিজের ব্যাপারে আপনার মূল্যায়ন কী?কঠোর অনুশীলন ও ভাগ্য—সবকিছুতেই এ দুটো জিনিসের গুরুত্ব বেশি। কঠোর অনুশীলন করেও অনেক সময় ভাগ্য সহায়ক না হলে সাফল্য আসে না। আমার বেলায় এ কথাটা অনেক যুক্তিযুক্ত। ভালো কাজ করলেও ভাগ্য অনুকূলে না থাকায় সাফল্য আড়ালে পড়ে থাকে। তবু আমি আশাবাদী। আপনার কণ্ঠে উচ্চাঙ্গ, নজরুল, আধুনিক—প্রায় সব গানই মানিয়ে যায়। আপনি কী বলেন?রবীন্দ্র, ডিএলসহ প্রায় সব ধরনের গানেই আমি স্বচ্ছন্দ। তবে কেন জানি মনে হয়, ফোক গানে আমি কিছুটা দুর্বল। এ গানের যে আবেদন, সেটা আমি আমার কণ্ঠে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারি না।বিনোদন প্রতিবেদক