৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় বাংলাভিশনে প্রচারিত হলো সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক ক্লাব’। এদিন শিল্পী ছিলেন ঐশি ও পলাশ। দুজনেই এ প্রজন্মের শিল্পী। দুজনেই করেছেন জনপ্রিয় লোকসংগীত ও মরমি গান। কিন্তু দুজনের গায়কি সম্পূর্ণ বিপরীত ও ভিন্নতর।
পলাশের গায়কি সম্পর্কে বলা যায়, সম্পূর্ণ ঐতিহ্যবাহী বা পূর্বসূরিদের ঝান্ডাবাহী। লোকসংগীতের মধ্যে যে ক্ষোভ-আক্ষেপ ও আবেগ-অনুরাগ লুকায়িত, তা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন দরদি কণ্ঠে। তিনি শুরু করেছেন ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’ গানটি দিয়ে। এরপর ‘ধীরে ধীরে যাইও’, ‘পানি গড়গড়াইয়া পরতাছে’ ইত্যাদি গানের মধ্য দিয়ে তাঁর আপন বৈশিষ্ট্যই আরও সুস্পষ্ট হয়ে উঠেছে দর্শক-শ্রোতার সামনে।
অন্যদিকে ঐশির গানও ছিল লোকসংগীত, কিন্তু তাঁর পরিবেশনা ছিল সম্পূর্ণ ভিন্নতর। আমরা তাঁর পরিবেশনার এই বৈশিষ্ট্য নিয়ে আগেই লিখেছি। ঐশি গলা ছেড়ে কৃত্রিম একটি স্বরে গান শুরু করেন। সুরের সঙ্গে মিলে যায় তাঁর হাত-পা ও শরীর। দেখে মনে হয় শুধু কণ্ঠ নয়, সমস্ত শরীর ও মন দিয়ে যেন তিনি গান পরিবেশন করছেন। গান শেষে যখন তিনি কথা বলেন, তখন তাঁকে মনে হয় সম্পূর্ণ অন্য একটি মেয়ে, যে মিষ্টি ও নরম। দেখে বিশ্বাসই হয় না এই মেয়েই একটু আগে এমন গান করছিলেন। তাঁর পরিবেশনার এই বৈশিষ্ট্য শুরুতে দর্শক-শ্রোতাকে কিছুটা বিভ্রান্ত করলেও গান শেষে সবাইকে করে মুগ্ধ ও অভিভূত।
ঐশি জনপ্রিয় লোকগানের পাশাপাশি নিজের গানও পরিবেশন করেছেন। যেমন ‘একবার এসে দেখা দে আমায়’ শুরুতেই করেছেন নিজের এই জনপ্রিয় গানটি। তারপর পাশাপাশি অন্যের জনপ্রিয় গান করেছেন ‘আমি তো মরে যাব’, ‘আছেন আমার মোক্তার’, ‘ও আমার দরদি’ ইত্যাদি। সব গানই তিনি করেছেন অত্যন্ত দরদ দিয়ে এবং নিজস্ব ঢংয়ে।
বিভ্রান্তিকর মনে হয়েছে সরাসরি গানের অনুষ্ঠান মাঝখানে থামিয়ে একটি আলোচনা অনুষ্ঠান প্রচার করা। অথচ অনায়াসেই দুটি অনুষ্ঠান পরপর প্রচার করা যায়। তা না করে কেন যে একটি অনুষ্ঠানের মাঝে আরেকটি অনুষ্ঠান ঢুকিয়ে দেওয়া হয়েছে, তা আমাদের বোধগম্য নয়। আশা করি বিষয়টি চ্যানেল কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।
৯ ডিসেম্বর দুপুর ১২টা ২০ মিনিটে শিহাব শাহীনের চিত্রনাট্য ও পরিচালনায় এনটিভিতে প্রচারিত হলো টেলিছবি মনফড়িংয়ের গল্প। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিশা, তাহসান, মৌসুমী হামিদ প্রমুখ।
ছবির গল্পটি সংক্ষেপে এ রকম: শৈশব থেকে তিশা আর তাহসান বেস্টফ্রেন্ড। মাঝে দীর্ঘ বিচ্ছিন্নতার পর আবার তাদের দেখা হয় বিশ্ববিদ্যালয়ে এসে। তারা ভর্তি হয় একই বিভাগে। এই পর্যায়ে এসে তিশা মনে মনে ভালোবেসে ফেলে তাহসানকে। সামনাসামনি বলতে না পেরে সে তাহসানকে একটি চিঠি লেখে, কিন্তু নাম লেখে না। চিঠিখানা বইয়ের মাঝে পেয়ে তাহসান ভাবে, মৌসুমী লিখেছে তাকে। মৌসুমী তাদের মধ্যে গ্ল্যামার গার্ল এবং পেশাদার মডেল। তাহসান তার প্রতি অনুরক্ত। তাহসান চিঠির কথা বলে তার বেস্টফ্রেন্ড তিশাকে। তিশা কষ্ট পেলেও চিঠি যে তার সেটা বলে না। এরপর তাহসান-মৌসুমীর সম্পর্ক হয়, আবার স্বভাবের অমিলের কারণে সেই সম্পর্ক ভেঙেও যায়। প্রচণ্ড কষ্ট পায় তাহসান, সেই কষ্টেরও ভার বইতে হয় তিশাকে। তাহসানের কষ্ট দেখে তিশা স্কলারশিপ পরীক্ষা দেয় না আর তাহসান সেই পরীক্ষা দিয়ে জাপানে স্কলারশিপ পায়। এরপর বিমানবন্দরে বসে তাহসান জানতে পারে চিঠিটা আসলে মৌসুমীর ছিল না, ছিল তিশার। এরপর সে স্কলারশিপের মোহ ছেড়ে বিমানবন্দর থেকে ছুটে আসে তিশার কাছে। গল্প মূলত এখানেই শেষ।
ছবিটি দেখার পর এক বাক্যে বললে বলতে হয়, মনফড়িংয়ের গল্প একটি সার্থক টেলিছবি। ছবির গল্প, চরিত্র, চিত্রনাট্য, সংলাপ, অভিনয়—সবই ছিল আকর্ষণীয়। বিশেষ করে তিশার চরিত্রায়ণ ও অভিনয় ছিল অসাধারণ। যেসব নির্মাণ স্বল্প সময়ে টেলিছবিকে জনপ্রিয় ও স্বতন্ত্র একটি ধারায় উন্নীত করেছে, মনফড়িংয়ের গল্প টেলিছবিটি তার মধ্যে একটি।
তারপরও আমাদের অনুসন্ধানী দৃষ্টিতে কয়েকটি প্রশ্ন অমীমাংসিতই থেকে যায়। যেমন তাহসান হঠাৎ কেন মৌসুমীর প্রতি এতটা অনুরক্ত হলো? যার সঙ্গে স্বভাবে, আচরণে, পছন্দে-অপছন্দে কোনো মিল নেই? নির্মাতা এটি যুক্তিপূর্ণ করে তুলতে পারেননি।
দ্বিতীয়ত, তাহসান, তিশা, মৌসুমী—এদের কারোরই কোনো পারিবারিক জীবন বা পরিচিতি দেখানো হয়নি। এটিও আমাদের কাছে যুক্তিপূর্ণ মনে হয়নি। আর টেলিছবিটি সম্ভবত পুনঃপ্রচার করা হয়েছে, অথচ তা বলা হয়নি। এটি বললে কি মহাভারত অশুদ্ধ হয়? বিষয়টি আমাদের ঠিক বোধগম্য নয়।
সবশেষে ৯ ডিসেম্বর রাত ৮টা ১৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হলো নাটক বোধ। রচনা শাহ্ মো. নাইমুল করিম, পরিচালনা সকাল আহমেদ। আর প্রধান চরিত্রে ছিলেন আনিসুর রহমান মিলন, আরফান প্রমুখ। নাটকটির গল্প, চিত্রনাট্য, সংলাপ ছিল অত্যন্ত দুর্বল। মিলন ও আরফান বেকার দুই বন্ধু নেপালে গিয়ে চুরির পেশা অবলম্বন করে। দোকানে দোকানে চুরি করে পেট চালায়। মাঝে দেখা হয় দুই বাঙালি মেয়ের সঙ্গে, কৌশলে তাদেরও ব্যাগ চুরি করে। তারপর যখন জানতে পারে তাদের মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত, তখন সহানুভূতিশীল হয়ে তাদের ব্যাগ ফেরত দেয় এবং তাদের মধ্যে গড়ে ওঠে সখ্য।
মিলন ও আরফান ভালো অভিনেতা হলেও এখানে তার কোনো স্বাক্ষর খুঁজে পাওয়া যায়নি। একইভাবে সকাল আহমেদ ভালো নির্মাতা হলেও এই নাটকে তা প্রমাণিত হয়নি। নাটকটি না হাসির, না প্রেমের, না সামাজিক কোনো সমস্যার। তাঁর কাছে এমন দুর্বল গল্প এবং দুর্বল চিত্রনাট্য ও সংলাপের নাটক দর্শক মেটেই প্রত্যাশা করেন না।