কিছু মজার তথ্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন উইলিয়ামস, ইমানুয়েল লুবেজকি, স্টিভেন স্পিলবার্গ
জন উইলিয়ামস, ইমানুয়েল লুবেজকি, স্টিভেন স্পিলবার্গ

অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। কাল রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডের মূল আসর। অস্কার পুরস্কারকে ঘিরে এখন চারদিকে নানা আলোচনা। মনোনয়ন পাওয়া ছবি, শিল্পী ও কলাকুশলীদের উৎকণ্ঠা তো বটেই, সেই সঙ্গে তাঁদের ভক্তদের মধ্যেও কিন্তু দারুণ উত্তেজনা এখন। সেই উৎকণ্ঠা আর উত্তেজনাকে আরেকটু বাড়িয়ে দিতে এই প্রতিবেদন। জেনে নেওয়া যাক ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকায় থাকা কিছু মজার তথ্য।
সর্বাধিকবার মনোনয়ন পাওয়া প্রযোজক স্পিলবার্গ
এ নিয়ে নয়বার স্টিভেন স্পিলবার্গ প্রযোজিত কোনো ছবি সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেল। এবার স্পিলবার্গের ব্রিজ অব স্পাইস ছবিটি লড়ছে সেরা চলচ্চিত্র বিভাগে। প্রযোজক হিসেবে এতবার কেউ এর আগে মনোনীত হননি।
হ্যাটট্রিকের অপেক্ষায় ‘দ্য রেভেন্যান্ট’ ছবির চিত্রগ্রাহক

জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স


এ বছরের অস্কার মনোনয়নের তালিকায় এগিয়ে আছে ইনারিত্তুর ছবি দ্য রেভেন্যান্ট। এই ছবির অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু এই আলোচনায় আসতে পারে আরও একটি নাম। তা হলো ইমানুয়েল লুবেজকি। দ্য রেভেন্যান্ট ছবির চিত্রগ্রাহক তিনি। ২০১৩ ও ২০১৪ সালের দুই সেরা ছবি গ্র্যাভিটি ও বার্ডম্যান-এর চিত্রগ্রাহকও কিন্তু এই ইমানুয়েলই। দুই বছর ধরে ইমানুয়েল লুবেজকি সেরা চিত্রগ্রাহকের অস্কারটি নিজের ঘরে তুলছেন। এবারও যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, তা হলে হ্যাটট্রিকটা হয়েই যেতে পারে তাঁর।
সর্বাধিক মনোনয়ন পাওয়া জীবিত ব্যক্তি জন উইলিয়ামস
জন উইলিয়ামসের বয়স ৮৪ বছর। এই বয়সে এসেও তিনি দাপিয়ে বেড়াচ্ছেন সংগীতের দুনিয়ায়। স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস ছবির সংগীতায়োজনের জন্য তিনি পেয়েছেন ‘বেস্ট অরিজিনাল স্কোর’ বিভাগে মনোনয়ন। এই নিয়ে ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত ৫০ বার বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন এই সংগীতজ্ঞ। সর্বাধিক অস্কার মনোনয়ন পাওয়া জীবিত কোনো ব্যক্তি হিসেবে তাঁর নাম উঠে গেছে একাডেমি অ্যাওয়ার্ডের ‘রেকর্ড বুক’-এ।
মনোনয়নের তালিকায় সবেচেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রী লরেন্স
সেরা অভিনেত্রীর মনোনয়নের তালিকায় একদিকে রয়েছে কেট ব্ল্যানচেটের মতো পাকা অভিনেত্রীর নাম, অন্যদিকে ব্রি লারসনের মতো নীরব প্রতিভাও এ বছর সেরা অভিনেত্রী তালিকায় বেশ দাপটের সঙ্গেই নাম লিখিয়েছে। কিন্তু সবাইকে একদিক থেকে টপকে গেছেন জয় ছবির জন্য অস্কার মনোনয়ন পাওয়া জেনিফার লরেন্স। তিনি হলেন সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়া সবচেয়ে ধনী অভিনেত্রী। ফরচুন ম্যাগাজিন জানিয়েছে, এ বছর জেনিফার লরেন্স সর্বাধিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছেন তাঁর ছবির জন্য। কিন্তু মনোনয়নের তালিকায় থাকা বাকি অভিনেত্রীদের কেউই এ বছর ছবির জন্য ছয় মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারেননি। বাসেল ডটকম অবলম্বনে।