>অনেক ‘প্রথম’কে সঙ্গী করেই জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই ‘প্রথম পাঁচ’। আজ এই বিভাগে থাকছেন মডেল ও অভিনয়শিল্পী মেহজাবীন।

প্রথম বিদেশভ্রমণ
ছোটবেলায় দেশ ছেড়ে দুবাই গিয়েছিলাম। তাই ওই সময় তেমন কিছুই বুঝতে পারিনি। যখন স্কুলে পড়তাম, তখন প্রথম পরিবারের সঙ্গে দুবাই থেকে যুক্তরাজ্যে গিয়েছিলাম। ওটা একটু একটু মনে আছে। আকাশ থেকে তুষার পড়ার দৃশ্যটি আমার খুব পছন্দ। আমার ধারণা ছিল, লন্ডনে তখন বরফ পড়ছে। ওখানে যাওয়ার পর দেখি, তুষার পড়া তো দূরের কথা, উল্টো গরম। ওটা দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল।
প্রথম পারিশ্রমিক
সবে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে বের হয়েছি। কিছুদিন পর প্রথম নাটকে অভিনয় করি। নাটকটির নাম ছিল তুমি থাকো সিন্ধু পারে। পরিচালক ছিলেন ইফতেখার আহমেদ। শুটিং শেষে পারিশ্রমিক পেয়েছিলাম ১৫ হাজার টাকা। টাকাটা হাতে পাওয়ার পর বেশ ভালো লাগছিল। পরিশ্রমের প্রথম টাকা! সে এক রোমাঞ্চকর অনুভূতি! ওই টাকাটা থেকে এক টাকাও খরচ করিনি। প্রথম ব্যাংক হিসাব খুলে পুরো টাকাটা ব্যাংকে জমা করেছিলাম।
প্রথম অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতা
প্রথম অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতা হয় ২০১০ সালে। লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার দিন। আমি যখন সুপারস্টার হওয়ার মুকুট পরে মঞ্চ থেকে নেমে ক্যাম্পের দিকে যাচ্ছিলাম, তখন ওখানে প্রতিযোগীসহ অনেক মেয়ে দর্শক ছিলেন। এ ছাড়া অনেক স্বেচ্ছাসেবীও ছিলেন। তাঁদের অনেকেই দৌড়ে এসে ঘিরে ধরলেন আমাকে। কাগজ-কলম বাড়িয়ে দিলেন আমার দিকে। অটোগ্রাফ দিতে হবে। তখনো প্রতিযোগিতায় প্রথম হওয়ার ঘোর কাটেনি আমার। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আনন্দ-উত্তেজনার মধ্যে কোনো কিছু না বুঝেই সেদিন অনেককেই অটোগ্রাফ দিয়েছিলাম। তবে মনে আছে, অটোগ্রাফে লিখেছিলাম, ‘বেস্ট অব লাক—লাভ মেহজাবীন’।
প্রথম ক্যামেরার সামনে
আমার তখন ১৩ বছর বয়স। বাবা-মায়ের সঙ্গে দুবাইয়ে থাকি। বাচ্চাদের একটি জুয়েলারি পণ্যের বিজ্ঞাপনে মডেল হতে হবে। বাবা শুটিংয়ে নিয়ে গিয়েছিলেন আমাকে। গিয়ে দেখি প্রচুর লোকজন। লোকেশনের অবস্থা দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। বাবার সামনে আরও বেশি লজ্জা পাচ্ছিলাম। সেদিনই আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। আমার স্পষ্ট মনে আছে, শুটিং শুরুর আগে আগে একজনকে ডেকে বলেছিলাম, আমার বাবাকে একটু বাইরে নিয়ে যান। তা না হলে ক্যামেরায় শট দিতে পারব না। পরে বাবা বাইরে গিয়ে দাঁড়ালেন। প্রথম দৃশ্য ওকে হতে বেশ কয়েবার শট দিতে হয়েছিল সেদিন।
প্রথম বই পড়ার অভিজ্ঞতা
ছোটবেলায় সিরিজ বইগুলো বেশি পড়া হতো। প্রথম বই পড়া শুরু করি চতুর্থ শ্রেণিতে পড়ার সময়। সেই সময় হ্যারি পটার সিরিজের সাত খণ্ড পড়ি। এরপর সিরিজসহ অনেক বই-ই পড়েছি। এখন নামগুলো মনে পড়ছে না। মিডিয়াতে কাজ শুরু করার পর আর নিয়ম করে বই পড়া হয় না।
অনুলিখন: শফিক আল মামুন