কিছুই যাবে না ভোলা!
আমি তখন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক। ভালো নাটক পাওয়ার আশায় লেখকদের খুঁজতাম আমরা। সেই সূত্রেই হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়। এর আগেই তাঁর উপন্যাস পড়েছি আমি। বিটিভিতে তিনি সে সময় সবে নাটক লিখতে শুরু করেছেন। আলাপের একপর্যায়ে তাঁকে বললাম, ‘আমাকে একটা নাটক দেন না!’ এর কদিন পরে এক পর্বের একটি নাটক নিয়ে এলেন তিনি, নাম এইসব দিনরাত্রি। স্ক্রিপ্টটি পড়লাম। মনে হলো, এক পর্বের নাটক হলেও এর কাহিনিতে বিস্তার আছে। চরিত্রগুলোর মধ্যে ডাইমেশনও যথেষ্ট। তাঁকে বললাম, ‘চলেন, এই নাটককে আমরা ধারাবাহিক করে ফেলি।’ শুনে তো হুমায়ূন অবাক—‘বলেন কী!’শেষমেশ তাঁকে বোঝাতে পেরেছিলাম। সাত দিন সময় নিলেন তিনি। পাক্কা সাত দিন পর সাত পর্ব নিয়ে হাজির। শুরু হলো হুমায়ূন আহমেদের প্রথম ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি। পাক্ষিকভাবে মঙ্গলবার নাটকটি প্রচারিত হতো। ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল নাটকটি। এই ধারাবাহিকটি করতে গিয়েই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা আমার। একদিন তাঁকে বললাম, ‘আপনি নাটকের মহড়াগুলোতে আসেন, দেখেন—লেখকের অংশগ্রহণ দরকার।’এরপর নাটকের সঙ্গে নিজেকে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিলেন তিনি। আমাকে বলতেন, ‘আমি একটি গল্প ফাঁদলাম, তাতে সংলাপ বসালাম। তার পেছনে এত এত লোক কাজ করছে। বিষয়টি আমাকে খুব আকর্ষণ করে।’নাটক যে হুমায়ূনকে কী পরিমাণ আকর্ষণ করেছিল, পরবর্তী পর্যায়ে আমরা তার প্রমাণ পেয়েছি। এইসব দিনরাত্রি শেষ হলে হুমায়ূনের আরও অনেক নাটক প্রযোজনা করেছি—একা, প্রিয় পদরেখা, একদিন হঠাৎসহ অসংখ্য নাম বলা যাবে।এর মধ্যে তাঁর শঙ্খনীল কারাগার উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে প্রথম চলচ্চিত্র নির্মাণ করি আমি। এখানেও তিনি আমার সঙ্গে ছিলেন ছায়ার মতো। হাসতে হাসতে আমাকে বলতেন, ‘আপনার পেছনে দাঁড়িয়ে একটু শিখতে চাই।’ তাঁর সেই কথার রেশের সঙ্গে মিলিয়ে আমি বলতাম, ‘হ্যাঁ, আপনিও শেখেন, আমিও শিখি। এটা তো আমারও প্রথম চলচ্চিত্র।’এভাবে হুমায়ূন আহমেদের সঙ্গে কী উন্মাদনাময় দিনগুলো যে কাটিয়েছি আমি! সেই সব দিনরাত্রি—কিছুই যাবে না ভোলা! মুস্তাফিজুর রহমানপ্রধান উপদেষ্টা, গাজী টেলিভিশন