
কানাডার একটি মেটাল গানের দল কিটি। এ দলের সব সদস্যই নারী। এ ধরনের মেটাল দলের সংখ্যা বিশ্বে কমই আছে। এরই মধ্যে তাদের অনেক নামডাক হয়েছে।
১৯৯৬ সালে কানাডার লন্ডন, অন্টারিওতে দলটি গড়ে ওঠে। ড্রামার মার্সিডিজ ল্যান্ডার তাঁর জিমন্যাস্টিকস ক্লাসে গিটারিস্ট ফ্যালুন বোম্যানের সঙ্গে পরিচিত হন। মার্সিডিজের বোন মর্গান ল্যান্ডার ভোকাল এবং তানিয়া ক্যান্ডলার বেজ গিটারিস্ট হিসেবে যোগদান করে দলটিকে পূর্ণাঙ্গ রূপ দেন।
১৯৯৯ সালে দলটি তাদের প্রথম অ্যালবাম স্পিট বের করে। এরপর অবশ্য তানিয়া ক্যান্ডলার পড়ালেখায় মনোযোগ দিতে গিয়ে দল ছেড়ে দেন। ট্যালেনা অ্যাটফিল্ড তখন বেজিস্ট হিসেবে নির্বাচিত হন। প্রথম অ্যালবাম এবং পরবর্তী সময়ে কিছু টুর তাদের মেটাল এজ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান করে দেয়। পাঠকেরা মর্গান ল্যান্ডারকে ‘ফিমেল পারফর্মার অব দ্য ইয়ার’ হিসেবে এবং দলটির ‘স্পিট ইন ইয়োর আই’কে ‘হোম ভিডিও অব দ্য ইয়ার’ হিসেবে ভোট দিয়েছিলেন মেটাল এজ-এর ২০০০ সালের রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসে।
তখন থেকেই বিশ্বব্যাপী খ্যাতি বাড়তে থাকে দলটির। পরবর্তী সময় তাদের আরও কয়েকবার সদস্য বদল হয়। এখন পর্যন্ত দলটির ছয়টি স্টুডিও অ্যালবাম বের হয়েছে।
কিটির যত অ্যালবাম
স্পিট (১৯৯৯), ওরাকল (২০০১), আনটিল দি এন্ড (২০০৪), ফিডনারেল ফর ইয়েস্টারডে (২০০৭), ইন দ্য ব্ল্যাক (২০০৯), আইভ ফেইলড ইউ (২০১১)।
কিটি মূলত মেটাল নিয়ে বেশ নিরীক্ষা করে আসছে। শুরুতে তারা নু মেটাল দিয়ে শুরু করলেও পরে এক্সট্রিম মেটাল, ডেথ মেটাল ও অল্টারনেটিভ মেটালের মিশ্রণে গান করে। অনুপ্রেরণা হিসেবে তারা মেটালিকা, প্যান্টেরা, কারকাস, অ্যাট দ্য গেটস, অ্যাসিড বাথ, ভ্যান হ্যালেন ও টেস্টামেন্টের নাম উল্লেখ করে।
কিটির বর্তমান সদস্য
মর্গান ল্যান্ডার—লিড ভোকালস, গিটার, পিয়ানো (১৯৯৬-বর্তমান)
মার্সিডিজ ল্যান্ডার—ড্রামস, পারকাশন (১৯৯৬-বর্তমান)
টারা ম্যাকলিউড—গিটার (২০০৫-বর্তমান)
ট্রিশ ডোন—বেজ (২০০৫-২০০৭, ২০১২-বর্তমান)
মনোয়ারুল হক