কিনু কাহারের থেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিনু কাহারের থেটার নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
কিনু কাহারের থেটার নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

পুতনা রাজ্যের কাহিনি। রাজ্যের উজির এক নারীর শ্লীলতাহানি করেছেন। এ কারণে রাজ্যের বড়লাট সাহেব খেপেছেন। সাফ জানিয়ে দিলেন, ‘এ অপকর্মের যদি বিচার না হয়, তাহলে আমি সিংহাসন ফালাইয়া দিব।’ রাজা পড়লেন উভয়সংকটে। উজির তাঁর প্রাণের দোসর, তাঁকে কী করে শাস্তি দেবেন? অন্যদিকে ঘটনা আরও জটিল। শুধু উজির নন, অপকর্মটি তিনি নিজেও করেছেন। তাই সাজা তাঁরও প্রাপ্য। এ নিয়ে শুরু কিনু কাহারের থেটার নাটকের কাহিনি।
গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ করে প্রাচ্যনাট। মনোজ মিত্র রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম।
একটি দেশের অস্বাস্থ্যকর পরিস্থিতিতে রাজনীতির দোহাই দিয়ে সুবিধাভোগীদের ফায়দা নেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে কিনু কাহারের থেটার-এ। নাটকের একটি চরিত্রের নাম ‘ঘণ্টাকর্ণ’। এ চরিত্রের মজার দিকটি হচ্ছে, সবাই অপরাধ করে আর ঘণ্টাকর্ণকে ভাড়া করে নিয়ে যায় দোষ স্বীকার করতে। ঘণ্টাকর্ণও সবার সামনে অপরাধীর হয়ে দোষ স্বীকার করে বলে, ‘অপরাধটি ও করেনি, আমি করেছি।’ কেউ কোনো অপরাধ করলে দোষ স্বীকার করতে ঘণ্টাকর্ণকে ভাড়া করা যেন নিয়ম হয়ে গেছে। এতে দেশটিতে চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ বেড়ে যায়। কারণ, দোষ স্বীকার করার পাশাপাশি অপরাধের শাস্তিটাও মাথা পেতে নেয় বেচারা ঘণ্টাকর্ণ। এভাবে তার ওপর দোষ চাপিয়ে বেঁচে যায় শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত উজির মহাশয়।
একদিন রাজা ফেঁসে গেলেন ছাগল হত্যার দায়ে। লাট সাহেবের বুদ্ধির প্যাঁচে রাজার হলো ফাঁসির আদেশ। রাজা হুকুম দিলেন ঘণ্টাকর্ণকে, ‘আমার হয়ে তুই ফাঁসির মঞ্চে দাঁড়া।’ কিন্তু ঘণ্টাকর্ণ এবার বেঁকে বসে। জানিয়ে দেয়, রাজার ফাঁসির দায়ভার বহনে সে রাজি নয়। মানুষের পাপের বোঝা আর বয়ে বেড়াতে চায় না সে।
এ নাটকের পুতনা রাজ্য যেন বাংলাদেশ। এ রাজ্যের রাজা, লাট সাহেব, উজির, ঘণ্টাকর্ণ বারবার মনে করিয়ে দেয় আমাদের সরকার, বিরোধী দল আর সাধারণ মানুষের কথা। নাটক সম্পর্কে তৌফিকুল ইসলাম বলেন, ‘রাজনীতিবিদদের ওপর কোনো মামলা করা হলে বলা হয়, এটা রাজনৈতিক মামলা। আসলে সে কোনো অপরাধ করেনি। এ নাটকটা এমনই।’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জয়িতা মহলানবিশ, মনিরুল ইসলাম, শাহরিয়ার ফেরদৌস, মিতুল রহমান, বিলকিস জাহান, রফিকুল ইসলাম, ফরহাদ হামিদ প্রমুখ।