...কিন্তু খালিদ মাহমুদ মিঠু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালিদ মাহমুদ মিঠু (১ জানুয়ারি ১৯৬০—৭ মার্চ ২০১৬)
খালিদ মাহমুদ মিঠু (১ জানুয়ারি ১৯৬০—৭ মার্চ ২০১৬)

...কিন্তু মিঠুকে নিয়ে লেখাটা লিখতে হবে, এটা আমার ধারণাতেও ছিল না। বাংলাদেশ টেলিভিশনে সায়েন্স ফিকশনের প্রথম ধারাবাহিক অভিযান-এর একজন চিত্রগ্রাহক ছিল খালিদ মাহমুদ মিঠু। একজন বিজ্ঞানীর ল্যাবরেটরিকে কেন্দ্র করে নাটকের কাহিনি। হার্ডবোর্ড, পারটেক্স ও বিভিন্ন রকম বাক্স দিয়ে তৈরি করা হলো সেট। খালিদ মাহমুদ মিঠু, যদিও সে চিত্রগ্রাহক, তারপরও বলল, ‘আমার মনে হয় সেটটাকে একটু অন্যভাবে চিন্তা করতে পারি।’
সেটা কী রকম?
এক নম্বর স্টুডিওতে ফেলে দেওয়া অনেক যন্ত্রপাতি স্তূপ করে রাখা আছে। সেগুলো নিয়ে এসে ভেতরে রঙিন কিছু বাতি জ্বালিয়ে দিলে সেটটা একেবারে বিজ্ঞানীর ল্যাবরেটরি মনে হবে।
ঘটনা তা-ই ঘটল। পুরো নাটকের চেহারাই পাল্টে গেল মিঠুর এই ভাবনার কারণে। একই ঘটনা ঘটেছিল ‘শুভেচ্ছা’র সময়। আব্দুন নূর তুষার উপস্থাপিত ওই ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিং হতো জাতীয় জাদুঘর মিলনায়তনে। প্যাকেজ অনুষ্ঠান, বাজেটের সমস্যা আছে। মিঠু ছিল অনুষ্ঠানের প্রধান চিত্রগ্রাহক ও শিল্পনির্দেশক।
মিঠু বলল, ‘আমি এমন একটা সেট তৈরির চেষ্টা করছি, যেটা ভাঁজ করে খুব অল্প জায়গায় রেখে দেওয়া যাবে।’
আমরা টেলিভিশনে তখন বড় বড় সেট দেখে অভ্যস্ত। চিন্তা করছিলাম, প্যাকেজ অনুষ্ঠানের জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করে এত বড় সেট কী করে তৈরি করা হবে? মিঠু সত্যি সত্যি কাপড় দিয়ে, আরও নানা রকম দেশীয় পণ্য দিয়ে ‘শুভেচ্ছা’র জন্য দৃষ্টিনন্দন একটা সেট তৈরি করল। বলল, এই সেট এমনভাবে তৈরি করা হয়েছে, যেন পুরোটাই রেকর্ডিংয়ের পর ভাঁজ করে রেখে দেওয়া যায়।
এই রাখার দায়িত্ব নিল মিঠু। ওর বাসায় একটা খালি গ্যারেজ ছিল। সেই গ্যারেজ ভাড়া নিয়ে সেটের সব জিনিস রেখে দিয়েছিল। রেকর্ডিংয়ের সময় সবকিছু সে নিয়ে আসত।
একাধারে পরিচালনা, চিত্রগ্রহণ, শিল্পনির্দেশনা আর নিজের ছবি আঁকা। যখন যেটা মিঠু করেছে, খুব মনোযোগ দিয়ে করেছে। আন্তরিকতার সঙ্গে করেছে। এটাই মিঠুর সবচেয়ে বড় মূলমন্ত্র সাফল্যের জন্য। স্ত্রী কনকচাঁপা চাকমা খ্যাতিমান চিত্রশিল্পী। নিজের দুই সন্তান—আর্যশ্রেষ্ঠ ও শিরোপাকে ছোটবেলা থেকেই ভালোবাসতে শিখিয়েছে টেলিভিশন আর চলচ্চিত্রকে।
কিছুদিন আগে মিঠুর প্রায় একক উদ্যোগে আন্তর্জাতিক মিনিয়েচার পেইন্টিং প্রদর্শনী অনুষ্ঠিত হলো। অক্লান্ত পরিশ্রম করে মিঠু এই প্রদর্শনীর আয়োজন করে।
বাংলাদেশ টেলিভিশনের চাকরি ছাড়ার পর মিঠু জীবনে যে কয়টা বড় কাজ করেছে, তার প্রায় সব কটিতেই চ্যানেল আই কিংবা ইমপ্রেস টেলিফিল্ম নানাভাবে জড়িত ছিল। মিঠুর পরিচালিত দুটি ছবি গহিনে শব্দ আর জোনাকির আলোর প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম। ছবি দুটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক পুরস্কার পেয়েছে। মিনিয়েচার পেইন্টিংয়ের শেষ দিন বিশেষ অতিথি হিসেবে আমাকে নিয়ে যেতে চেয়েছিল মিঠু।
মিঠু, তুমি বলেছ, আমি চেষ্টা করব। কিন্তু ওই দিন আমি ঢাকায় থাকব না।
আমার কথা শুনে মিঠু বলল, ‘আমি তারিখটা এক দিন বদলে দিই।’
না, না মিঠু। আসলে আমি এই ধরনের অনুষ্ঠানে অতিথি হতে চাই না।
মিঠু আরও কিছুক্ষণ কথা বলল। তারপর বলল, ‘মিনিয়েচার প্রদর্শনীর ছবিগুলো খুবই আকর্ষণীয়। পারলে একবার দেখে যাবেন। আরেকটা কথা সাগর ভাই, প্রথম পুরস্কারটা যদি চ্যানেল আই স্পনসর করত, তাহলে আমি খুব খুশি হতাম।’
তুমি এসো। আমি করে দেব।

খালিদ মাহমুদ মিঠু
খালিদ মাহমুদ মিঠু

কয়েক দিন পর মিঠু এল। অনুষ্ঠানের পুরস্কারের সব ব্যবস্থা করে দিলাম। মিঠু যাওয়ার সময় বলল, ‘সাগর ভাই, সবাই জানে আপনি টেলিভিশন ভালোবাসেন। চলচ্চিত্র জগৎটাকেও ভালোবাসেন। কিন্তু পেইন্টিংকেও এত ভালোবাসেন, বুঝতে পারিনি। আপনি যেদিন থাকবেন না, এই কথাটা আমি জোর গলায় বলব আর লিখব।’
মানুষ ভাবে এক, হয় আরেক। সে জন্যই এই লেখার শুরু ‘কিন্তু’ দিয়ে। কিন্তু একবারের জন্যও ভাবিনি মিঠুর বাড়িতে প্রথম আমি যাব মিঠুর মৃত্যুর পর।
নিথর, নিস্তব্ধ হয়ে মিঠু শুয়ে থাকবে গাড়ি পার্কিংয়ে। একবারের জন্যও দরাজ গলায় বলবে না, নতুন একটা ছেলের কাজ দেখলাম। দারুণ কাজ করেছে। আমাদের চ্যানেলে কাজে লাগবে।
মিঠু বলবে না, আমার নতুন ছবিটা দেখার জন্য একবার একটু গ্যালারিতে আসবেন? ভালো লাগবে।
এগুলো সবই এখন আমার কল্পনা। মিঠু আর কখনোই আমাদের সম্পর্কে ভাববে না। লিখবে না। কিন্তু মিঠুকে নিয়ে লেখার কঠিন কাজটা আমরা যারা রয়ে গেলাম, তাদেরই করতে হচ্ছে। মিঠু চিরকাল আমাদের পরিবারে গৌরব-উজ্জ্বল সদস্য হিসেবে ছিল। থাকবে।
লেখক: ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেল আই ও ইমপ্রেস