কিবরিয়া জাদুঘর প্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার শিল্পকর্ম নিয়ে তাঁর নামে একটি শিল্পকলা জাদুঘর প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন শিল্পী ও শিল্পানুরাগীরা। গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত স্মরণসভায় এ দাবি জানানো হয়।চারুকলা অনুষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অনুষদের ডিন এ হ মো. মতলুব আলী। শুরুতেই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকসংগীত ‘জীবন-মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে’ পরিবেশন করেন শিল্পী মহুয়া মঞ্জুরি। এরপর শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।স্মরণসভা হওয়ার কথা ছিল বকুলতলায়। কিন্তু আকাশ ছিল মেঘলা। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাই সভা করা হয়েছিল জয়নুল গ্যালারির সামনে। ছবি আঁকাকেই যিনি করে তুলেছিলেন সারা জীবনের সাধনা, ছবি হয়ে গেছেন তিনি। সেই ছবির গলায় গাঁদা ফুলের মালা। আলোচকেরা মোহাম্মদ কিবরিয়ার সেই প্রতিকৃতির পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত কণ্ঠে স্মৃতিচারণা করছিলেন সদ্য প্রয়াত শিল্পীর জীবনাচরণ ও শিক্ষকতা নিয়ে; মূল্যায়ন করছিলেন তাঁর শিল্পকৃতির।এর পাশাপাশি ক্ষোভও ছিল। দুটি প্রধান রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক ও একুশে পদক পেয়েছিলেন তিনি। অথচ জীবনসায়াহ্নে বড় উপেক্ষা করা হয়েছে তাঁকে। অসুস্থ অবস্থায় যখন দীর্ঘকাল হাসপাতালে শয্যাশায়ী ছিলেন, তখন রাষ্ট্রীয়ভাবে তাঁর কোনো দেখভাল করা হয়নি। এমনকি দেশের চিত্রকলাকে যে অনন্য প্রতিভাবান শিল্পী সমৃদ্ধ করে গেলেন জাতীয় পর্যায়ে, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো শোকসভা পর্যন্ত করা হলো না। এই উপেক্ষায় ব্যথিত বোধ করেছেন দেশের শিল্পী, সংস্কৃতিকর্মী ও শিল্পানুরাগীরা। তাঁরা অবিলম্বে তাঁর আনুপূর্বিক কাজ নিয়ে শিল্পকলা একাডেমী থেকে একটি অ্যালবাম ও বাংলা একাডেমী থেকে একটি স্মারকগ্রন্থ প্রকাশেরও দাবি জানিয়েছেন।অনুষ্ঠানে শিল্পী কাইয়ুম চৌধুরী মোহাম্মদ কিবরিয়ার সঙ্গে তাঁর দীর্ঘকালের সান্নিধ্যের স্মৃতিচারণা করে বলেছেন, ‘তাঁর সান্নিধ্য আমাকে সমৃদ্ধ ও গৌরবান্বিত করেছে। শিল্পের বিভিন্ন শাখায় তাঁর অগাধ পাণ্ডিত্য ছিল। শিল্পসাধনায় তাঁর ব্যক্তিগত সংগ্রাম ছিল অসাধারণ, যা পরবর্তী শিল্পীদের অনুপ্রাণিত করবে।’ সৈয়দ জাহাঙ্গীর বলেন, তিনি জীবন-সম্পর্কে কখনো নিরাশ ছিলেন না।রফিকুন নবী বলেন, ‘জাপান থেকে আসার পর তিনি সম্পূর্ণ বদলে গিয়েছিলেন। তিনি বদলে না গেলে দেশের চিত্রকলায় নির্বস্তুক নামে একটি ধারা রচিত হতো না। এই ধারার ছবি দেখা থেকে আমরা বঞ্চিত হতাম।’মনিরুল ইসলাম বলেন, ‘তাঁর তিরোধানের পর তাঁর ছবির ব্যাপ্তি আরও বাড়বে। পরবর্তী প্রজন্মের কাছে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।’শহীদ কবির বলেন, ‘আঁকা না বলে বলা যায়, তিনি ছবি বুনতেন। দীর্ঘ সময় নিয়ে একেকটি কাজ সম্পন্ন করতেন। তাঁর জীবন ও সাধনা আমাদের চিত্রকলায় একটি দৃষ্টান্ত।’ হামিদুজ্জামান খান বলেন, ‘আমাদের হিমালয় নেই, কিবরিয়া ছিলেন। তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য তাঁর কাজ নিয়ে জাদুঘর প্রতিষ্ঠা করতে হবে।’সৈয়দ আজিজুল হক বলেন, তিনি অত্যন্ত শক্তিশালী শিল্পী ছিলেন বলেই নিজের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠিত ধারা থেকে সরে গিয়ে অন্য আরেকটি ধারা সৃষ্টি করতে পেরেছিলেন। সৈয়দ আবুল বারক আলভী বলেন, তাঁর কাজের মধ্যেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন।নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আকৃতি ও নিরাকৃতির দোলাচল অতিক্রম করে তিনি আকৃতিকে ভেঙে যে নিরাকৃতির ছবি উপহার দিয়েছেন, তা আমাদের চিত্রকলাকে সমৃদ্ধ করেছে এবং একটি অনুসারী গোষ্ঠী সৃষ্টি করেছে।’ শিশির ভট্টাচার্য্য বলেন, তিনি নিরন্তর কাজ করতেন। সব ধরনের শিল্প সম্পর্কে তাঁর ছিল অগাধ জ্ঞান। আরও বক্তৃতা করেন মামুন কায়সার চৌধুরী, মনিরুজ্জামান, রফি হক প্রমুখ।সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘ব্যক্তিমানুষ হিসেবে শিল্পীর মৃৃত্যু হয়, কিন্তু শিল্পকর্মের মৃত্যু হয় না। তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন।’অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক হাসান আরিফ। বিরূপ আবহাওয়া সত্ত্বেও দেশের বরেণ্য শিল্পী, শিল্পশিক্ষার্থী ও মোহাম্মদ কিবরিয়ার বহু অনুরাগী তাঁর স্মরণসভায় উপস্থিত ছিলেন।