কিবরিয়া স্মরণে ছাপচিত্র প্রদর্শনী ‘রবীন্দ্রনামা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিভৃতচারী ছিলেন বলে কাউকে না জানিয়ে আপনি খুব ভোরে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। আপনি বেঁচে নেই, এ কথা উচ্চারণ করতে গিয়ে দ্বিধায় জড়িয়ে যায় আমাদের কণ্ঠ...হে শিল্পীগুরু, আপনার মৃত্যুতে আপনারই ছবি থেকে কালো ও ধূসর রং নিয়ে আমরা আজ রচনা করেছি নতুন এক এপিটাফ।’ ঢাকা আর্ট সেন্টারের করিডরে যখন এই কথাগুলো উচ্চারিত হচ্ছিল, তখন উপস্থিত অনেকের চোখ ছলছল করছিল। কেননা, তাঁদের প্রিয় শিল্পীগুরু মোহাম্মদ কিবরিয়া গতকাল মঙ্গলবার চলে গেছেন না ফেরার দেশে। মূল মঞ্চের এক পাশে বিশাল ক্যানভাসের ওপর রাখা হয়েছিল মোহাম্মদ কিবরিয়ার প্রতিকৃতি। নিচে লেখা ‘আমরা সবাই আজ তোমার ধূসর কালো শিল্পের মতোই শোকে মুহ্যমান—জানাই শেষ বিদায়ের শোকাঞ্জলি।’ এই প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তাঁর শুভানুধ্যায়ীরা। কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিওতে দেশের ৬৬ জন শিল্পীর আঁকা ‘রবীন্দ্রনামা’ শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক আহমদ রফিক ও চিত্রশিল্পী মনিরুল ইসলাম। অতিথিরা প্রদর্শনীর শিল্পকর্ম নিয়ে প্রকাশিত একটি ফোলিওর মোড়ক উন্মোচন করেন।২০১০ সালের ১ জানুয়ারি শিল্পী মোহাম্মদ কিবরিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা আর্ট সেন্টারে প্রতিষ্ঠিত হয়েছে ‘কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও’। এই স্টুডিও থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ শীর্ষক ছাপচিত্র এঁকেছেন ৬৬ জন শিল্পী। এখানে আঁকা ছাপচিত্র প্রদর্শনী ও প্রকাশনা অনুষ্ঠানের উদ্বোধনী দিনেই চলে গেলেন শিল্পী মোহাম্মদ কিবরিয়া। তাই আয়োজকেরাও যুক্তিসংগত কারণে প্রদর্শনীটি উর্যাসর্গ করলেন কিবরিয়ার স্মরণে। শুরুতে কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও ও ঢাকা আর্ট সেন্টারের পক্ষ থেকে শোকবাণী পাঠ করেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ। তারপর এক মিনিট নীরবতা পালন। গ্যালারির সব কক্ষ সাজানো হয়েছে বিভিন্ন আকৃতির ছাপচিত্র দিয়ে। সব ছাপচিত্রেই রবীন্দ্রনাথের উপস্থিতি। তবে কোনো সাহিত্য বা সংগীতের অনুসরণে নয়, বরং কবিগুরুর ছবিকে ধ্যানের মধ্যে নিয়ে কবির প্রতিকৃতির নতুন ইমেজ সন্ধান করেছেন শিল্পীরা। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। বগুড়ায় শিশু-কিশোর নাট্যোর্যাসব নিজস্ব প্রতিবেদক (বগুড়া) জানান, বগুড়ায় গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী রাজশাহী বিভাগীয় শিশু-কিশোর নাট্যোর্যাসব ও কর্মশালা। গতকাল সন্ধ্যা ছয়টায় পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজিত তিন দিনব্যাপী রাজশাহী বিভাগীয় শিশু-কিশোর নাট্যোর্যাসব ও কর্মশালা উডবার্ন পাবলিক লাইব্রেরি মঞ্চে উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অভিনেতা এস এম মহসীন, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান প্রমুখ। নাট্যোর্যাসবে অংশ নিচ্ছে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী, লিটল থিয়েটার, থিয়েটার আইডিয়া, উচ্চারণ একাডেমি, অ আ ক খ, সিডিএলএস, রিপার্টরি থিয়েটার (দিনাজপুর) ও নাট্য নিকেতন (সিরাজগঞ্জ)।কুমিল্লায় নাট্য কর্মশালা কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক জানান, কুমিল্লায় গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় নাট্য কর্মশালা-২০১১। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক। কর্মশালা চলবে ১১ জুন পর্যন্ত। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ওই কর্মশালা হচ্ছে। বিভাগীয় নাট্য কর্মশালার সমন্বয়ক শাহজাহান চৌধুরী জানান, নবীন নাট্যকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান দেওয়ার জন্য ওই কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে শতাধিক নাট্যকর্মী অংশ নিচ্ছেন। কলকাতায় বাংলাদেশি শিল্পীর প্রদর্শনী আমাদের কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশের চিত্রশিল্পী নাজমা আকতারের সপ্তাহব্যাপী একক চিত্রপ্রদর্শনী চলছে কলকাতায়। ২ জুন একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে এই প্রদর্শনী উদ্বোধন করেন কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পী লালু প্রসাদ সাউ, রবীন মণ্ডল, বিপিন গোস্বামী, দেবব্রত চক্রবর্তী এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। ‘নৈশব্দের কথকথা’ শীর্ষক এই চিত্রপ্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পীর আঁকা ২২টি চিত্র। প্রদর্শনীর আজ শেষ দিন। শিল্পী নাজমা আকতার প্রথম আলোকে বলেন, এটি তাঁর পঞ্চম একক চিত্রপ্রদর্শনী। আর কলকাতায় দ্বিতীয়। কলকাতার মানুষের সাড়া পেয়ে তিনি মুগ্ধ।