কিম-কি-দুককে নিয়ে দু-চার কথা
কিম-কি-দুক দক্ষিণ কোরিয়ার একজন অনন্য চলচ্চিত্রকার। তবে মজার ব্যাপার হলো, দক্ষিণ কোরিয়ার বেশির ভাগ মানুষ অপছন্দ করে। শুরুর দিকে তাঁর ছবি কোরিয়ান দর্শকেরা কিছুটা দেখলেও শেষের দিকে কম দেখতে থাকেন। তাঁর চলচ্চিত্রের তীব্রতা অনেক বেশি। বেশির ভাগ চলচ্চিত্রে তিনি যা বলেন, তা তীব্রভাবেই বলেন। প্রেম, যৌনতা, সমাজের উঁচুতলা বা নিচুতলার ভেতরকার ঘটনা বের করে আনা—সবকিছু অত্যন্ত তীব্র আবেগের সঙ্গে করেন তিনি। জীবনের প্রথম দিকে ছিলেন শ্রমিক। পরে কিছুদিন শৌখিন চিত্রকর। এরপর হঠাৎই ছবি বানাতে শুরু করেন। এক চিত্রনাট্য কর্মশালায় পুরস্কার পাওয়ার পর তাঁর ছবি বানানোর কর্মযজ্ঞ শুরু হয়। তাঁর ছবি সম্পর্কে কোরিয়ান সমালোচকদের বক্তব্য হলো, তিনি নারীর প্রতি সংবেদনশীল নন; যে কারণে অনেকেই তাঁর ছবি ঠিকভাবে নিতে পারেন না। প্রথম কিম-কি-দুক আলোচিত হন কোস্টগার্ড ছবির মাধ্যমে। এরপরসিপ্রং, সামার, ফল, উইন্টার ...অ্যান্ড সিপ্রং, থ্রি আয়রন, সামারিটান গার্ড, অ্যাড্রেস আননোনসহ বিভিন্ন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র-বিশ্বে আলোচিত হন। কিম-কি-দুকের ছবির বৈশিষ্ট্য, আবার বলি, যা কিছু বিশ্বাস করেন, তা অনেক তীব্রভাবে বলতে পারেন, যা দর্শককে ধাক্কা দেয়। তাঁকে এ কারণে আমারও ভালো লাগে। তাঁর ছবি দেখতে দেখতে দর্শক হিসেবে আমি যখন ধাক্কা খাই, তখন সেই বাস্তবতাকে উপলব্ধি করতে পারি। চলচ্চিত্রকার হিসেবে কিম-কি-দুকের সফলতা এখানেই। এ বছর তাঁর পিয়েতা চলচ্চিত্রটি ভেনাস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার ‘গোল্ডেন লায়ন’ পেয়েছে। কিম-কি-দুকের চলচ্চিত্রে ব্যক্তির নিঃসঙ্গতা, মানুষের জীবনবোধ যেভাবে উঠে আসে, তা অনন্য। তাঁর ছবির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো, সম্ভবত বর্তমান বিশ্বের সবচেয়ে কম সংলাপ দিয়ে ছবি বানানোর নির্মাতা তিনিই। তাই বলে বাংলাদেশের উঠতি ফিল্মমেকার ভাইয়েরা এটাকেই একমাত্র ব্রত হিসেবে ভেবে নেবেন না। কারণ, বাংলাদেশের মানুষ বেশি কথা বলে। চরিত্রায়ণ করতে গেলে এটা মাথায় রাখা উচিত। আবার কেউ কেউ আছেন, কম কথাও বলেন। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আর কি!