কিরণের অনুপস্থিতিতে ঘর সামলাচ্ছেন আমির!

বন্ধুবান্ধবদের সঙ্গে অবকাশযাপনে গেছেন বলিউডের অভিনেতা আমির খানের স্ত্রী কিরণ রাও। আর তাঁর অনুপস্থিতিতে ছেলে আজাদ রাও খানের দেখভালের পাশাপাশি ঘর সামলানোর সব দায়িত্ব পালন করছেন আমির নিজেই। এ জন্য সব সময় বাড়িতেই থাকছেন ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতা।
পেশাজীবনে একের পর এক ভিন্নধর্মী সব চরিত্রে অভিনয় করে চলেছেন আমির। ‘গজনি’ (২০০৮) ছবিতে ব্যবসায়ী, ‘থ্রি ইডিয়টস’ (২০০৯) ছবিতে ছাত্র আর ‘তালাশ’ (২০১২) ছবিতে পুলিশের চরিত্রে দেখা গেছে তাঁকে। এবার ব্যক্তিজীবনেও নতুন এক আমিরের পরিচয় পাওয়া গেল। বাবা হয়েও ছেলে আজাদের জন্য মায়ের ভূমিকাই পালন করছেন তিনি। এমনকি সব কাজ সামলে তিনি আজাদকে সব সময় নিজের কাছেই রাখছেন। এ ক্ষেত্রে কোনো কাজের লোকের সহায়তা তিনি নিচ্ছেন না।
অবশ্য খুব বেশিদিনের জন্য আমিরকে এই দায়িত্ব পালন করতে হবে না। কয়েকজন বন্ধু মিলে ১০ দিনের জন্য অরুণাচল প্রদেশে ছুটি কাটাতে গেছেন কিরণ। তিনি সেখান থেকে ফিরলেই ছুটি পেয়ে যাবেন আমির। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
এ প্রসঙ্গে আমিরের কাছের একটি সূত্র জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই কাজের চাপে দম ফেলারও ফুরসত মেলেনি আমিরের। রাজকুমার হিরানির ‘পিকে’ ছবির শুটিংয়ের ব্যস্ততা শেষ হতে না হতেই ‘ধুম ৩’ ছবির কাজ শুরু করেছিলেন আমির। সম্প্রতি তিনি ‘ধুম ৩’ ছবির শুটিং শেষ করেছেন। মূলত এই অবসরকে কাজে লাগাতেই স্ত্রী কিরণকে ছুটি দিয়ে ঘর সামলানোর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
সূত্রটি আরও জানিয়েছে, আসছে ডিসেম্বরে দুই বছরে পা রাখবে আজাদ। কাজ থেকে সাময়িক অবসর মিলে যাওয়ায় আজাদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য আমির সার্বক্ষণিকভাবে ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যতটা সম্ভব পেশাগত কাজ স্থগিত রাখার চেষ্টা করছেন তিনি। তবে খুব জরুরি কাজের জন্য ঘরেই মিটিং ডাকছেন।
এক সাক্ষাত্কারে কিরণের সঙ্গে অরুণাচল প্রদেশ এবং আসাম ভ্রমণের ইচ্ছের কথা জানিয়েছিলেন আমির। কিরণ অরুণাচল প্রদেশে ছুটি কাটাতে গেলেও, ছেলে আজাদের মুখের দিকে তাকিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা ঘরেই থাকছেন আমির। এর মধ্য দিয়ে ব্যক্তিগত ইচ্ছে পূরণের চেয়ে বাবার দায়িত্ব পালনই যে বড়, সেটাই প্রমাণ করলেন এই ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা।