কিশোর কুমারের নাতনি মুক্তিকার সংগীত অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর কুমার, অমিত কুমার ও মুক্তিকা
কিশোর কুমার, অমিত কুমার ও মুক্তিকা

সংগীত জগতে অভিষেক হচ্ছে ভারতের প্রখ্যাত প্লেব্যাক গায়ক ও অভিনেতা প্রয়াত কিশোর কুমারের নাতনি মুক্তিকা গাঙ্গুলির। কিশোর কুমারের ছেলে গায়ক ও সংগীত পরিচালক অমিত কুমার গাঙ্গুলির মেয়ে মুক্তিকার বয়স মাত্র আট বছর। এ বয়সেই ‘বাবা মেরে’ অ্যালবামের একই শিরোনামের গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে সংগীত ভুবনে যাত্রা শুরু করছে সে।
এ প্রসঙ্গে মুক্তিকার বাবা অমিত কুমার বলেন, ‘১৫ ডিসেম্বর গানটির রেকর্ডিং করা হবে। এর আগে কখনোই গানের রেকর্ডিংয়ে অংশ নেয়নি মুক্তিকা। দুই বছর ধরে এই একটি গানের চর্চা করে যাচ্ছে সে। এখন সে গানটি নিখুঁতভাবে গাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।’ অমিত আরও বলেন, ‘সংগীতের ওপর দক্ষতা অর্জনের জন্য আগামী বছরের শুরুর দিকে হিন্দি প্লেব্যাক গায়ক সুরেশ ওয়াদেকারের স্কুলে মুক্তিকাকে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছি।’
‘বাবা মেরে’ অ্যালবামের ১০টি গানের মধ্যে আটটি গানের কথা লিখেছেন কিশোর কুমারের স্ত্রী লীনা চন্দ্রভানকড়। এরই মধ্যে অ্যালবামের নয়টি গানের রেকর্ডিং শেষ করেছেন এর সংগীত পরিচালক অমিত কুমার। অ্যালবামের গানে তিনিও কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অমিত কুমার জানিয়েছেন, অ্যালবামের অন্যতম সেরা আকর্ষণ ‘বাবা মেরে’ গানটি। এর মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনাও করা হয়েছে। মিউজিক ভিডিওর একটি স্বপ্নদৃশ্যে দেখা যাবে মুক্তিকা তার দাদা কিশোর কুমারের সঙ্গে সাক্ষাৎ করছে।

এদিকে ছোট ভাই সুমিত কুমারের সঙ্গে মিলে কুমার ব্রাদারস মিউজিক (কেবিএম) নামে অনলাইন মিউজিক কোম্পানি খোলার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন অমিত কুমার। এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কুমারের অপ্রকাশিত গান প্রকাশের উদ্যোগ নেবেন কি না—জানতে চাইলে অমিত বলেন, ‘আমাদের হাতে বাবার অপ্রকাশিত মাত্র তিন-চারটি গান আছে। অনেক বেশি মূল্যবান সেই গানগুলো। গানগুলোর মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা করা না হলেও সামনে আমরা গানগুলো প্রকাশের ব্যবস্থা করব।’