কিশোর কুমারের সংসার
>

নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। সে নামে তাঁকে এখন কেউ চেনে না। তাঁর কণ্ঠ এখনো অনেক বাঙালির মনকে নস্টালজিক করে। ২৯ বছর আগে এই দিনে তাঁর মৃত্যু হয়।
কিংবদন্তি এই সংগীতশিল্পীর নাম কিশোর কুমার। তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনয় দিয়ে। ১৯৪৬ সালের ‘শিকারি’ ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। ছবিতে তাঁর কণ্ঠ শোনা যায় এর দুই বছর পর। ১৯৪৮ সালের ছবি ‘জিদ্দি’তে তিনি গাইলেন ‘মারনে কি দুয়ায়ে কিউ মাঙ্গু’।
অভিনয় ও গান—দুটিতেই তিনি ছিলেন সাবলীল। ‘চলতি কা নাম গাড়ি’, ‘মুসাফির’ ও ‘পড়োসন’-এর মতো ছবিতে তিনি সমান তালে গান ও অভিনয় করেছেন। তবে সংগীতে তাঁর অবদান অসামান্য। এখনো তিনি অনুপ্রাণিত করেন অনেক শিল্পীকে। এই অসামান্য শিল্পী হিন্দি ছবি ছাড়াও গান গেয়েছেন বাংলা, মারাঠি, গুজরাটি ও কানাড় ছবিতে।এই অসামান্য শিল্পী সংসারজীবনে নানা উত্থান-পতনের সম্মুখীন হয়েছেন। চারবার বিয়ে করেছিলেন কিশোর কুমার। তাঁর সেসব সংসারের কথা থাকছে আজ। লিখেছেন প্রণব ভৌমিক।

রুমা গুহ ঠাকুরতা
কিশোর কুমার প্রথম বিয়ে করেন রুমা গুহ ঠাকুরতাকে। রুমাও কিশোরের মতো একাধারে অভিনয় ও সংগীতশিল্পী। তাঁকে শেষ দেখা গেছে হলিউড ছবি ‘নেমসেক’-এ (২০০৬)।
১৯৫১ সালের মে মাসে মুম্বাইয়ে কিশোর কুমারের সঙ্গে রুমার বিয়ে হয়। পরের বছর জুলাইয়ে তাঁদের সন্তান অমিত কুমারের জন্ম হয়।
রুমা দাবি করেন, কিশোর চেয়েছিলেন তিনি যেন তাঁদের সংসার সামলান। কিন্তু রুমা কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। এ নিয়েই দ্বন্দ্ব শুরু হয় দুজনের মধ্যে। অবশেষে ১৯৫৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
রুমা এরপর চিত্রনাট্যকার অরূপ গুহ ঠাকুরতাকে বিয়ে করেন।

মধুবালা
মধুবালাকে বলা হয় বলিউডের মেরিলিন মনরো। একটি দরিদ্র পাঠান পরিবারে তাঁর জন্ম। পারিবারিক নাম মমতাজ বেগম।
মধুবালা ছিলেন কিশোর কুমারের দ্বিতীয় স্ত্রী। ভালোবাসতেন দিলীপ কুমারকে। দিলীপের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরেই গ্রহণ করেন কিশোর কুমারের প্রস্তাব।
মধুবালার পরিবারের শর্ত ছিল, বিয়ে করতে হলে কিশোর কুমারকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তাই ধর্মান্তরিত হয়ে করিম আবদুল নাম নেন কিশোর কুমার।
অন্যদিকে কিশোরের পরিবার মধুবালাকে কখনোই মেনে নেয়নি। একে মধুবালা মুসলিম, তার ওপর মৃত্যুপথযাত্রী। তাঁর হৃৎপিণ্ড ও শ্বাসযন্ত্রে বাসা বেঁধেছিল অসুখ।
বিয়ের এক মাসের মধ্যেই কিশোর কুমার বাড়ি ছেড়ে মুম্বাইয়ের বাংলোয় নিয়ে আসেন মধুবালাকে। সেখানেই নয় বছর অসুস্থ মধুবালার সঙ্গে সংসার করেন। ১৯৬৯ সালে মধুবালা মারা যান।

যোগিতা বালি
কিশোর কুমারের তৃতীয় স্ত্রী বলিউড অভিনেত্রী যোগিতা বালি। ১৯৭৬ সালে বিয়ে, মাত্র দুই বছর সংসারের পর ১৯৭৮ সালে বিচ্ছেদ। ১৯৭৯ সালে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে যোগিতা বিয়ে করেন। মিঠুন-যোগিতার বন্ধন এখনো অটুট আছে।
বাপ্পি লাহিড়ীর সংগীতজীবনের শুরু হয়েছিল এই ত্রিভুজ সম্পর্কের কারণে। পর্দায় মিঠুনের জন্য কণ্ঠ দিতে কিশোর কুমার অস্বীকৃতি জানিয়েছিলেন। মিঠুনের প্রথম দিকের অনেকগুলো ছবিতে তাই বাপ্পি লাহিড়ী সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেন।

লীনা চন্দ্রভারকার
বলিউড অভিনেত্রী লীনা চন্দ্রভারকার প্রথম স্বামী মারা যান একটি দুর্ঘটনায়, বিয়ের কিছুদিন পরেই। মাত্র ২৫ বছর বয়সে বৈধব্য বরণ করেন লীনা।
এরপর কিশোর কুমার ১৯৮০ সালে লীনাকে বিয়ে করেন। তাঁদের বয়সের ব্যবধান ছিল ২১ বছর। লীনার বাবার এ বিয়েতে মত ছিল না। লীনার বাবার সম্মতি পেতে কিশোর কুমার গেয়েছিলেন ‘জনি মেরা নাম’ ছবির গান—‘নফরত করনে ওয়ালো কে সিনে মে পেয়ার ভর দু’।
১৯৮৭ সালে কিশোর কুমারের মৃত্যুর আগে পর্যন্ত লীনা চন্দ্রভারকারই ছিলেন তাঁর জীবনসঙ্গী। লীনার ঘরে কিশোর কুমারের আরেকটি ছেলের জন্ম হয়। নাম, সুমিত কুমার। তাঁরা এখন থাকেন কিশোর কুমারের প্রথম স্ত্রী রুমা গুহ ঠাকুরতা ও প্রথম সন্তান অমিত কুমারের সঙ্গে।