কিশোরীদের প্রতিভা অন্বেষণ করবে ‘মেঘে ঢাকা তারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাস্তাঘাটে মেয়েদের চলাফেরাটা বাড়াতে হবে। মেয়েদের ঘরের বাইরে আসতে হবে। স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের মোট জনসংখ্যার তুলনায় এর হার কিন্তু একেবারেই কম। আমি মনে করি, এই হার বাড়লে ইভ টিজিংয়ের মতো কাজের সঙ্গে ছেলেরা জড়িয়ে পড়বে না। মেয়েদের বেশি বেশি সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করতে হবে।’ বললেন এশিয়াটিক এমসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের। প্রতিষ্ঠানটি এবার শুরু করছে কিশোরী প্রতিভার খোঁজে রিয়েলটি শো মেঘে ঢাকা তারার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই আয়োজনের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) রাশিদা পারভীন বললেন, ‘কিশোরীদের নিয়ে এই রিয়ালটি শোর মধ্য দিয়ে বাল্য বিবাহ, ইভ টিজিং রোধ ও কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরিতে সহযোগিতা করার উদ্যোগ নিয়েছি।’১৪ পর্বের এই অনুষ্ঠানটি আগামী মার্চ মাস থেকে এটিএন বাংলায় প্রচারিত হবে। মূল অনুষ্ঠানে প্রতিযোগিরা নাচ ও গান পরিবেশন করবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শারমিন লাকী। বিচারক থাকবেন ইমন সাহা ও তামান্না রহমান।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজিশ আলী খান ও সাধনার স্বত্বাধিকারী লুবনা মারিয়ম।