কিশোরের চতুর্থ একক অ্যালবাম
চতুর্থ একক অ্যালবামের কাজ প্রায় শেষ করেছেন এ প্রজন্মের সংগীতশিল্পী কিশোর। এখন শুধু প্রকাশের অপেক্ষা। নাম ঠিক না হওয়া এ অ্যালবামে গানের সংখ্যা ১০টি। অ্যালবামের সবকটি গানে সুর দিয়েছেন ও সংগীত পরিচালনা করেছেন কিশোর।এর আগে ‘নিখোঁজ সংবাদ’, ‘ফিরে আসো না’ ও ‘অগোছালো ভালোবাসা’ শিরোনামে কিশোরের তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি মিশ্র অ্যালবামের গানেও কণ্ঠ দিয়েছেন তরুণ এ শিল্পী। তৃতীয় একক অ্যালবাম প্রকাশের পর বেশ কিছুদিন চলচ্চিত্র ও অন্য শিল্পীদের গানের সুর ও সংগীত পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন কিশোর। বছর খানেক ধরে তাঁর চতুর্থ একক অ্যালবামের কাজ করছেন এ শিল্পী। কবে নাগাদ অ্যালবামটি প্রকাশ পেতে পারে, এমন প্রশ্নে কিশোর বলেন, ‘আসছে ঈদেই অ্যালবামটি প্রকাশ করা হবে। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ নিজের জন্য গান তৈরির পাশাপাশি ক্লোজআপ তারকাখ্যাত পরানের প্রথম একক এবং নিশিতার নতুন অ্যালবামের জন্যও গান তৈরি করছেন বলে জানালেন কিশোর। কিশোরের নতুন অ্যালবামের গীতিকারেরা হলেন কবির বকুল, শফিক তুহিন, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, আরাফাত সেতু প্রমুখ।এদিকে, গতকাল মঙ্গলবার রাতে দেড় মাসের জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন নতুন প্রজন্মের এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। যাওয়ার আগে প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপচারিতায় কিশোর জানিয়েছেন, ‘এর আগেও বিভিন্ন সময়ে যুক্তরাজ্যে গিয়েছি। আবারও গান করার উদ্দেশ্যে সেখানে যাওয়ার আমন্ত্রণ পেলাম। এবার প্রায় দেড় মাস সেখানে থাকব। এই সময়টায় যুক্তরাজ্যের কয়েকটি শহরে গান করার বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’