কিশোরের সুর-সংগীতে নাটকের গান
এর আগে ইমন সাহার সুর-সংগীতে বেশ কয়েকটি নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা কিশোর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘টমটম’, ‘একে শূন্য দশ’, ‘স্বপ্নে বসবাস’, ‘জহুর আলী জহুরী’, ‘অহংকার’ ও ‘প্রতিশোধ’। তবে এবার শুধু কণ্ঠ নয়, পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজনেও করেছেন তিনি। নাটকের নাম ‘কালো ছায়া’। ‘কিছু ছায়া লেখা থাকে জীবনের পাতা জুড়ে’ শিরোনামের এ গানটি লিখেছেন জাহিদ আকবর। গত বৃহস্পতিবার শিল্পীর নিজের রেকর্ডিং স্টুডিও কম্পোজ স্ট্যান্ডে গানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে কিশোর বলেন, ‘এখন আমি নাটকের গান অনেক বেশি উপভোগ করি। এ পর্যন্ত নাটকের গান থেকে শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়েছি। তবে এবারের গানটি অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম। কারণ, এবারের গানটির সুর ও সংগীত আমার নিজেরই করা। চেষ্টা করেছি নাটকের গল্প-গানের কথা মাথায় রেখে গানটিতে আমার নিজস্ব একটি ছায়া রাখতে।’২৬ পর্বের ধারাবাহিক কালো ছায়াতে অভিনয় করেছেন—আনিসুর রহমান মিলন, জেনী, বিন্দু, তাহসিন প্রমুখ।