

এসেছে ২০১৭ সাল। প্রতিবছরের মতো এবারও অনেক ছবি মুক্তি পাবে। বিনোদনপ্রিয় মানুষ হাজির হবেন প্রেক্ষাগৃহে। পপকর্ন আর কোমল পানীয় সঙ্গে নিয়ে বসে বসে দেখবেন নানা স্বাদের চলচ্চিত্র। কখনো সেগুলো উপভোগ করবেন, কখনো বা অপছন্দ। কী থাকবে এসব ছবিতে? চলুন, কিছুটা জেনে নিতে চেষ্টা করি:
সিক্যুয়ালের প্রবাহ থেকে এবারও বেরোতে পারবে না হলিউড। বরং বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে সিক্যুয়ালও থাকবে। যেমন: কেট বেকিনসেলের আন্ডারওয়ার্ল্ড: ব্লাড ওয়ার্স, মিলা জোভোভিচের রেসিডেন্ট এভিল: দ্য ফাইনাল চ্যাপ্টার, ভিন ডিজেলের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এইট এবং ট্রিপল এক্স থ্রি: দ্য রিটার্ন অব শ্যান্ডার কেইজ ইত্যাদি। ২০১৭ সালে সুপারহিরোরা পর্দা কাঁপাতে পারেন। যেমন: উলভারিন ইন লোগান ছবিতে হিউ জ্যাকম্যান, স্পাইডারম্যান: হোম কামিং ছবিতে টম হল্যান্ড প্রমুখ। ওয়ান্ডার ওম্যান চরিত্রে গ্যাল গ্যাডটকে দেখা যাবে ব্যাটম্যান ইন জাস্টিস লিগ ও অ্যাভেঞ্জার্স সিরিজের ছবিতে। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’, ‘স্পাইডারম্যান’, ‘জাস্টিস লিগ’ ইত্যাদি সিরিজের ছবিও এ বছরই দেখা যাবে। জনি ডেপ আসছেন ‘পাইরেটস’ সিরিজের নতুন ছবি ডেড মেন টেল নো টেইলস নিয়ে।
হরর ছবির ভক্তরা দেখবেন ইনসিডিয়াস: চ্যাপ্টার ফোর, ওয়ার্ল্ড ওয়ার জেড টু এবং সো: লিগ্যাসি প্রভৃতি চলচ্চিত্র। ডেকার্ড চরিত্রে হ্যারিসন ফোর্ড ফিরে আসবেন ব্লেড রানার ২০৪৯ ছবির মাধ্যমে। স্টার ওয়ার্স: এপিসোড এইট নিয়েও অনেক আশা ভক্ত-দর্শকদের।
টম ক্রুজ এবার ‘দ্য মামি’ সিরিজের নতুন ছবি নিয়ে আশাবাদী। দ্য রক হিসেবে পরিচিত ডোয়াইন জনসন আগামী মে মাসে বেওয়াচ এবং ডিসেম্বরে জুমানজি নিয়ে ফিরবেন। বেওয়াচ সিরিজের নতুন ছবিটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। স্কারলেট জোহানসন আসবেন গোস্টস ইন দ্য শেল ছবি নিয়ে। এটা ১৯৯৫ সালের একটি জাপানি চলচ্চিত্রের রিমেক। মার্টিন স্করসিজ এবং মেল গিবসন এ বছর যথাক্রমে সাইলেন্স এবং হ্যাকস রিজ নিয়ে হাজির হবেন। ডেনজেল ওয়াশিংটন আসবেন ফেন্সেসছবি নিয়ে। আর ম্যাট ড্যামন এ বছর দ্য গ্রেট ওয়াল নামের মহাকাব্যিক চলচ্চিত্র উপহার দেবেন।
এসব ছবির বাইরেও হলিউডের অনেক চলচ্চিত্র ২০১৭ সালে বিশ্ব মাতাবে।
আশিস আচার্য, বিবিসি অবলম্বনে
