কী থাকছে এই বছরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর চলেই এসেছে। ২০১৬ সালটা সংগীতপ্রেমীদের জন্য ছিল অনেকটা রোলার কোস্টার রাইডের মতো, বছরজুড়ে কোনো না কোনো বিষয় নিয়ে সংগীত দুনিয়া ছিল সরগরম। নতুন গানেরও কমতি ছিল না। নতুন শিল্পীরা তো ছিলেনই, পুরোনো তারকারাও নতুন গান উপহার দিয়ে ছিলেন আলোচনায়। এই আনকোরা বছরে কে কে থাকবেন নতুন গান নিয়ে? চলুন, একনজরে জেনে আসা যাক ২০১৭ সালের মুক্তি পাওয়ার তালিকায় থাকা কিছু অ্যালবাম নিয়ে।

.
.
.
.

দ্য এক্সএক্স
ইন্ডি-পপ ধাঁচের ব্রিটিশ ব্যান্ড দ্য এক্সএক্স। তারাও চার বছর পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে। নতুন অ্যালবাম আই সি ইউ বের হওয়ার কথা রয়েছে আগামীকালই। দেখা যাক, সে সামথিং লাভিং-এর তারকারা এবার কী চমক নিয়ে হাজির হচ্ছেন!
জর্জ মাইকেল
এই অ্যালবাম নিয়ে ভক্তদের উৎসাহ আগে থেকেই ছিল তুঙ্গে। কিন্তু সদ্য শেষ হওয়া বছরের একদম শেষ দিকে গায়কের অকাল প্রয়াণ এই অ্যালবামের আবেদন বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণ। নতুন গান নিয়ে নয়, ১৯৯০ সালে বের হওয়া লিসেন উইথআউট প্রেজ্যুডিস অ্যালবামের ২৫ বছর পূর্তি উপলক্ষে সেই গানগুলোই নতুন করে গেয়েছেন জর্জ মাইকেল। অ্যালবামটি বের হওয়ার কথা ছিল গত নভেম্বরে, কিন্তু তারিখ পিছিয়ে এখন অ্যালবামটি বের হবে এই মার্চে।

.
.
.
.

ড্রেক
কয়েকটা বছরই বেশ ভালো কেটেছে ড্রেকের। ২০১৬ সালে পরপর তিনটি নতুন গান নিয়ে টপ চার্টের প্রথম সারিতেও ছিলেন। নতুন বছরেও যে ড্রেক এই সাফল্যেরই সুবাস ছড়াবেন তা আশা করাই যায়। কারণ এই বছরেই যে আসছে সিক্স-খ্যাত শিল্পীর নতুন অ্যালবাম মোর লাভ। ড্রেকের ভাষায়, ‘আমি শ্রোতাদের এমন সব গান উপহার দিতে চাই, যা শুধু তাঁরা একবার বা দুবার নয়, শুনবেন জীবনভর।’
কেটি পেরি
সেই ২০১৩ সালে মুক্তি পেয়েছিল প্রিজম, তারপর প্রায় চার বছর কেটে গেছে। এর মধ্যে কিছু নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে এসেছেন কেটি পেরি। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই আসছে কেটি পেরির চতুর্থ অ্যালবাম। অ্যালবামের নাম কী হচ্ছে, কবে নাগাদ মুক্তি পাচ্ছে সে বিষয়ে যদিও এখন কিছু বলেননি রোর-খ্যাত এই তারকা।

.
.

পিংক
গত বছর নতুন গান জাস্ট লাইক ফায়ার-এর সাফল্যের পর ভক্তরা আশা করেছিলেন বড়দিনে হয়তো পিংক নতুন অ্যালবাম নিয়ে আসছেন সবার সামনে। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে অ্যালবাম বের হওয়ার তারিখ পিছিয়েছে, কিন্তু হতাশ হওয়ার কারণ নেই। এই বছরের প্রথম ভাগেই সপ্তম স্টুডিও অ্যালবাম নিয়ে পিংক ফিরছেন আবার।

.
.

ইউটু
২০১৪ সালে ইউটু ভক্তদের হতাশই করেছিল অ্যালবাম সংস অব ইনোসেন্স দিয়ে। তাই এই বছর শ্রোতারা অধীর আগ্রহে দিন গুনছেন আইরিশ ব্যান্ডটির নতুন অ্যালবাম সংস অব এক্সপেরিয়েন্স-এর জন্য। দেখা যাক কী চমক অপেক্ষা করছে শ্রোতাদের জন্য!
এ ছাড়া এ বছর অ্যালবাম বের করবেন এমন শিল্পীদের তালিকায় আরও আছেন রায়ান অ্যাডামস, লরডে, এড শিরান, কোল্ড প্লে, কেলি ক্লার্কসন, টেইলর সুইফটের মতো তারকারা। শেষ পর্যন্ত কোন শিল্পী কণ্ঠের জাদুতে বছরটা নিজের করে নেন, সেটাই এখন দেখার বিষয়!
নাজিয়া শারমিন

নিউজ ডট কম অস্ট্রেলিয়া, এন্টারটেনমেন্ট উইকলি, ভালচার, এসকোয়ার অবলম্বনে