আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, এর পরেই পর্দা উঠতে যাচ্ছে সংগীত বিশ্বের সবচেয়ে জমকালো আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের। এই বছরের গ্র্যামি হতে চলেছে একটু আগেভাগেই, আসন্ন শীতকালীন অলিম্পিকের জন্য এবার জানুয়ারির ২৬ তারিখেই বসছে সংগীতের তারাদের মেলা, গতবারের মতোই আমেরিকার লস অ্যাঞ্জেলেসের স্টেপলস থিয়েটারে। কী থাকছে এবারের ৫৬তম গ্র্যামিতে? মনোনয়নই বা পেলেন কে কে? মনোনয়ন যাঁরা পেয়েছেন, তাঁদের নাম ঘোষণা করা হয়ে গেছে ডিসেম্বরের ৬ তারিখেই।
নয়টি মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন র্যাপ তারকা জে জি। ফেরেল উইলিয়ামস পেয়েছেন সাতটি মনোনয়ন, ফেরেলই একমাত্র তারকা, যিনি এবার একই সঙ্গে অস্কার এবং গ্র্যামি অ্যাওয়ার্ড দুটিরই মনোনয়ন পেলেন। তালিকায় আরও আছে টেইলর সুইফট, ব্রুনো মারস, এড শিরান, জাস্টিন টিম্বারলেক, ড্রেক, রিহানাসহ আরও অনেক বিখ্যাত সংগীত তারকার নাম। তবে সোনার প্রলেপ দেওয়া গ্রামোফোনের পদকটি কে হাতে তুলছেন, তা নিয়ে এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে আর অন্তর্জালের বিভিন্ন কোনে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। পুরস্কার পাওয়ার ইঁদুর দৌড়ে এগিয়ে আছেন লরডে, ডাফট পাঙ্ক, ফেরেল উইলিয়ামস, ব্রুনো মারস, জে-জি। রেড অ্যালবাম নিয়ে টেইলর সুইফটও পুরস্কার নিজের মুঠোয় পুরতে পারেন। নতুন তারকার মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মাকলেমোর এবং রায়ান লুইসের নাম। তবে কে পুরস্কার পাচ্ছেন তা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারির ২৬ তারিখ পর্যন্ত।
এই তো গেল পুরস্কারের কথা। এবার দেখা যাক কার কার পরিবেশনা থাকছে এ অনুষ্ঠানে। এবার দর্শকদের সামনে বিনোদনের পসরা নিয়ে হাজির থাকছেন টেইলর সুইফট, লরডে, কেটি পেরির মতো নামীদামি তারকারা। তাঁদের সঙ্গে সঙ্গে আরও মশলা যোগ দিতে থাকবে পিঙ্ক, মেটালিকা, ইমাজিন ড্রাগনস ব্যান্ডের পরিবেশনা। থাকতে পারেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা এবং জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্সে। বিয়োন্সে গত বছরের ডিসেম্বরে কোনো পূর্বপ্রচারণা আর ঘোষণা ছাড়াই হঠাৎ করে তাঁর পঞ্চম অ্যালবাম বাজারে ছেড়েছিলেন। এখন পর্যন্ত অ্যালবামের বিক্রি ছাড়িয়েছে ১৫ লাখ কপি, বের হওয়ার পরপরই জায়গা করে নিয়েছে বিলবোর্ড টপ চার্টে। তাই তাঁর পরিবেশনা নিয়েই থাকছে একটু বেশি মাতামাতি। এবারের গ্র্যামিতে আরও থাকছে বিটলস ব্যান্ডের দুই কিংবদন্তি স্যার পল ম্যাককার্টনি এবং রিংগো স্টারের পরিবেশনা। তাঁরা দুজন যদি একসঙ্গে মঞ্চে ওঠেন তা হবে এই গ্র্যামির সবচেয়ে বড় চমক। এই দুজন শেষবারের মতো মঞ্চে উঠেছিলেন চার বছর আগে।
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে আনা হয়েছে কিছু পরিবর্তন। এ বছর ২৮টি বিভাগে মোট ৮২টি পুরস্কার দেওয়া হবে। ‘বেস্ট আমেরিকার রুটস মিউজিক’ নামে নতুন একটি পুরস্কার এবার চালু করা হয়েছে। গ্র্যামি অ্যাওয়ার্ডের পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সিবিএস।
নাজিয়া শারমিন
উইকিপিডিয়া, মিরর ইউকে, টেলিগ্রাফ অবলম্বনে