কী দেখলেন তারারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আনন্দকে আরও একটু বাড়িয়ে নিতে কে না চায়। যারা টেলিভিশনে ঈদের অনুষ্ঠান দেখতে ভালোবাসে, তাদের জন্য ঈদ আসে খুশির বার্তা নিয়ে। ঈদের সময় টিভি চ্যানেলগুলো সাত থেকে আট দিনের বৈচিত্র্যময় নানা অনুষ্ঠান নিয়ে হাজির হয়। বৈচিত্র্যময় অনুষ্ঠানগুলোর মধ্যে নাটকের সংখ্যাই বেশি। তবে টেলিছবির সংখ্যাও নেহাত কম নয়। রিমোটের জাদুতে এ-চ্যানেল ও-চ্যানেল ঘুরে ঘুরে ঠিকই প্রিয় তারকাকে খুঁজে নেন দর্শকরা। কিন্তু প্রিয় তারকার নিজের কাছে কোন নাটকটি বা কার অভিনয় ভালো লেগেছে, তা নিয়েই এই আয়োজন। গ্রন্থনা: তারিকুর রহমান খান

জাহিদ হাসান
জাহিদ হাসান

আমার নাটকই দেখি
জাহিদ হাসান
সাধারণত ঈদে আমি শুধু আমার অভিনীত নাটকগুলো দেখি। অন্য নাটক দেখার খুব একটা সুযোগ হয় না। তবে অল্প সময়ের জন্য বেশ কয়েকটি নাটক দেখার সুযোগ হয়েছে। তার মধ্যে সবগুলো মোটামুটি ভালো লেগেছে। বিজ্ঞাপন আরও একটু কম হলে নাটক দেখে ভালো লাগত। যে নাটকগুলো দেখেছি, তার মধ্যে ভালো লেগেছে আমার পরিচালনায় জঙ্গি জাহাঙ্গীর ভালোবেসেছিল জুলেখাকে, সুইসাইড সাইফুল, এ মন হায় একবার দুইবার নেতা হতে চায়, সকল দুয়ার খোলা, আমি গুম হতে চাই না। নতুনদের মধ্যে অনেকের অভিনয়ই ভালো ছিল। বিশেষ করে হাসিন ও জুঁই ছিল অন্যদের চেয়ে আলাদা।

সজল
সজল

আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা ভালো লেগেছে
সজল
ঈদে বেছে বেছে কাজ করেছি। আগের শুটিং করা বেশ কয়েকটি নাটক এবার ঈদের সময় প্রচার হয়েছে। ঈদের সময় দেশের বাইরে থাকায় ঈদের নাটক তেমন একটা দেখা হয় না। দেশে আসার পর সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ডাবিংয়ের ফাঁকে ফাঁকে কিছু নাটক দেখার সুযোগ হয়েছে। আরিফ খান পরিচালিত ইংরেজি শিক্ষার আসর নাটকে আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে বরাবরের মতো এবার ভালো লেগেছে। এ ছাড়া অনিমেষ আইচ পরিচালিত মা নাটকে বিপাশা আপু ও কুন্ডুলে নাটকে ভাবনার অভিনয় বেশ ভালো হয়েছে। আমার অভিনীত মিজানুর রহমান পরিচালিত আরিয়ান গল্পটি তোমার জন্য, নুজহাত আলভী আহমেদের কমন ডায়লগ, শাহীন কবির টুটুল পরিচালিত ব্যাগ গিয়ার, সাখাওয়াৎ মানিকের ঘুনপোকা নাটক প্রচারের পর দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি।

চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী


এক কথায় হতাশ
চঞ্চল চৌধুরী
সত্যি কথা বলতে কি আমি এবারের ঈদের নাটক দেখে এক কথায় হতাশ। যেকোনো উপায়ে দর্শককে হাসাতে হবে—এটাই যেন ছিল প্রবণতা। হয়তো ভাবা হয়েছে, দর্শককে হাসাতে পারলেই নাটক হিট হয়ে যাবে। কিন্তু হতাশার বিষয় হলো, দর্শকদের হাসাতে গিয়ে পুরো নাটকে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে দেখা গেছে। দর্শককে জোর করে হাসানোই ছিল এবারের বেশির ভাগ নাটকের মূল লক্ষ্য। আরও বড় একটা একটা যন্ত্রণার নাম ছিল বিজ্ঞাপন। বিজ্ঞাপনের যন্ত্রণায় কোনো নাটকই পাঁচ থেকে সাত মিনিটের বেশি দেখতে পারিনি। এবারের ঈদে ১৫টি নাটকে অভিনয় করেছি। অনেক অভিনয়শিল্পী ঈদে ৪০-৫০টি নাটকে অভিনয় করে বলে শুনি। টিভি চালু করলেই যদি সারাক্ষণ একজনের মুখ দেখতে হয়, তাহলে দর্শকেরা তো বিরক্ত হবে। আর ওই অভিনয়শিল্পীর জন্যও সেটা খারাপ। এবারের ঈদে দীপু হাজরার সেতু বন্ধন, গোলাম সোহরাব দোদুলের এটি একটি সিনেমার গল্প, রেদওয়ান রনির ফ্যান, তৌহিদ মিতুলের মনে রেখো মিথ্যে নাটকগুলো ভালো লেগেছে।

বিদ্যা সিনহা সাহা মীম
বিদ্যা সিনহা সাহা মীম


সংখ্যা নয়, মান গুরুত্বপূর্ণ
বিদ্যা সিনহা সাহা মীম
আমি প্রত্যেক ঈদেই আমার পছন্দের কাজগুলোই করি। পছন্দ না হলে কোনো নাটক করি না। ঈদের সময় নাটকের সংখ্যা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। নাটকের মান আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারের ঈদে আমি তিনটি ছয় পর্বের নাটক ও পাঁচ-সাতটি একক নাটকে অভিনয় করেছি। এবার ঈদের সময় আমি দেশে ছিলাম না। দেশে ফিরে খুব বেশি নাটক দেখার সুযোগ পাইনি। আমরা অভিনীত সবগুলো কাজই ভালো লেগেছে। মাহমুদ দিদারের স্বৈরাচার, মাবরুর রশিদ বান্নাহর উদ্দেশ্য, ইমরাউল রাফাতের ওল্ড ইজ গোল্ড নাটকগুলোর জন্য প্রিয়জন ও দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। সহ-অভিনেতাদের মধ্যে তাহসান, নিশোর অভিনয় আমাকে মুগ্ধ করেছে।

নিপুণ
নিপুণ

বেশ প্রশংসা পেয়েছি
নিপুণ
এবারের ঈদে মাসুদ সেজান পরিচালিত ছয় পর্বের ধারাবাহিক ফরমাল-ইন-এ আমি অভিনয় করেছি। ছয় পর্বের নাটকটিতে দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি। এ ছাড়া বেশ কয়েকটি খণ্ড নাটকেও দেখা গেছে আমাকে। আরিফ এ আহনাফের সুপারস্টার, আবীর খান পরিচালিত কনফিউশন এবং নবী পরিচালিত শুভ গমন নাটকে আমি রিয়াজের বিপরীতে অভিনয় করেছি। এই নাটকগুলোতে আমার চরিত্রে অনেক বেশি বৈচিত্র্য ছিল। আমার অভিনীত নাটকগুলো আমি দেখেছি। এবং আমার কাছে প্রতিটি নাটক ভালো লেগেছে। একটার সঙ্গে আরেকটা তুলনা করতে চাই না। আমার অভিনীত নাটক ছাড়া বেশ কয়েকটি নাটক দেখেছি। সুমন আনোয়ারের ছায়াবৃক্ষের রাজকন্যা নাটকে রিয়াজ-তিশার অভিনয় খুব ভালো লেগেছে।

মেহজাবিন
মেহজাবিন

১৫টি নাটকে অভিনয় করেছি
মেহজাবিন
আমি এবার ঈদে ১৫টি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে সবগুলো নাটকই আমার ভালো লেগেছে। আমার নিজের কাছে ভালো না লাগলে আমি নাটকগুলোতে অভিনয় করতাম না। আমার সঙ্গে নতুন যারা অভিনয় করেছে, তাদের মধ্যে রেদওয়ার রনির ইউটার্ন নাটকে তৌসিফ মাহবুবের অভিনয় ভালো লেগেছে। এ ছাড়া নুজহাত আলভী আহমেদের কমন ডায়লগ নাটকে সজল ও বি ইউ শুভ পরিচালিত একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্পতে নিশোর অভিনয় সহ-অভিনেতা হিসেবে প্রশংসা পাওয়ার যোগ্য। এবারের ঈদে খুব বেশি নাটক দেখার সুযোগ হয়নি।