কী প্রেম দেখাইলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন ধরে সূর্যের দেখা নেই। হিমশীতে শহুরে মানুষগুলো জড়সড়। এফডিসিও। তবে ব্যতিক্রম ৩ ও ৪ নম্বর ফ্লোর। এ ফ্লোর দুটির সামনের রাস্তায় লোকজনের আনাগোনা। জানা গেল, এখানে দুটি ছবির শুটিং চলছে। আগ্রহ নিয়ে এগোই। দেখতে পাই নায়ক ইমন, নায়িকা মীম, পরিচালক জি সরকারসহ বেশ কয়েকজন পরিচালককে। এখানেই কথা হলো ইমনের সঙ্গে। বললেন, ‘পদ্মপাতার জল ছবির একটা দৃশ্যের শুটিং ছিল। শেষ করলাম।’ ঠিক তখনই শাঁ করে শাকিব খানের গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমেই দ্রুত ৪ নম্বর ফ্লোরের গ্রিনরুমে ঢুকলেন তিনি। মেকআপেও বসে গেলেন তত্ক্ষণাত্। বসতে বসতেই বললেন, ‘শীতে তো কাহিল হওয়ার উপক্রম।’ ব্যাপার কী? ‘গতকাল মানিকগঞ্জে শুটিংয়ে গিয়েছিলাম। খোলা মাঠে গানের দৃশ্য ধারণ ছিল। শীতের মধ্যে খুব কষ্ট করে কাজ করতে হয়েছে। মনে হচ্ছে, এখনো শরীর থেকে শীত যাচ্ছে না।’ বলেই হা হা হা করে হেসে উঠলেন শাকিব। এর মধ্যে প্রবীণ অভিনেত্রী আনোয়ারা এসে গ্রিনরুমে ঢুকলেন। শাকিব আনোয়ারাকে দেখে বললেন, ‘কেমন আছেন, ম্যাডাম?’ ‘ভালো।’ বলেই আনোয়ারা জুড়ে দিলেন, ‘খুব তো মজা করে গ্রিনরুমে বসে আছ। ওদিকে শীতের মধ্যে কষ্ট করে শট দিয়ে এলাম।’ শুনেই উপস্থিত সবার মধ্যে হাসি ছড়িয়ে পড়ল। সামলে নিয়ে শাকিব বললেন, ‘না আপা, কোনো আরাম নাই। এখনই শট দেওয়ার জন্য ছুটতে হবে।’ তখনই আলীরাজ এসে আড্ডায় যোগ দিলেন। এই আড্ডা ছেড়ে এবার পা বাড়াই ৩ নম্বর স্টুডিওর দিকে। কী প্রেম দেখাইলা ছবির সেট ফেলা হয়েছে। ‘আঁচল, তুমি আয়নার সামনে থেকে আস্তে আস্তে এসে সামনে ওয়ার্ড্রোবের ওপর হাত দুটি রাখবা। তারপর হাতের ওপর মুখটা রেখে কাঁদতে থাকবা।’—মনিটরে চোখ রেখে ছবিটির সহযোগী পরিচালক নায়িকাকে বুঝিয়ে দিচ্ছেন দৃশ্য। ওখান থেকে বেরিয়ে মূল স্টুডিওর দিকে পা বাড়াই এবার। দেখা হয় ছবিটির পরিচালক শাহ মোহাম্মদ সংগ্রামের সঙ্গে। সহকারী পরিচালক রাকিব এসে জানালেন, ম্যাডাম এসে পড়েছেন। ‘কোথায়?’ জানতে চাইলেন পরিচালক। ‘মেকআপ রুমে।’ বললেন রাকিব।কিন্তু কোন ম্যাডাম এসেছেন, তা জানা গেল না। কৌতূহল নিয়েই গ্রিনরুমের দিকে এগোই। উঁকি দিতেই দেখি, ববিতা!। মেকআপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভেতরে না ঢুকে সোজা রওনা হই ঝরনা স্পটের উদ্দেশে। পথেই পরিচালক সমিতির কার্যালয়ের সামনে পরিচালক আমজাদ হোসেন, মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিকসহ অনেকের সঙ্গে দেখা হলো। হূদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসা ছবি দুটি নির্মাণের পর দীর্ঘদিন কোনো ছবি হাতে নেননি অলিক। বললেন, ‘রোমান্টিক ধাঁচের আরেকটি ছবি নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। সবাইকে জানিয়েই কাজ শুরু করব।’ এফডিসির চারপাশের কোলাহলও কমে আসছে। অতএব, পা বাড়ানো যাক নিজ গন্তব্যে।