কী লিখি তোমায়
আব্বু, আজ ১৯ জুলাই। ঠিক এক মাস আগে এই দিনে অর্থাৎ ১৯ জুনে প্রতিবছরের মতো এ বছরও আমি তোমাকে নিয়ে ‘বাবা দিবস’ পালন করি। খুব ইচ্ছা ছিল, এবার তোমাকে একটা চিঠি লিখব। যে কথাগুলো তোমাকে আমি প্রায়ই বলি বা হয়তো আরও অনেক কথা যা বলতে চাই, তা লিখব, কিন্তু সন্তান ও সংসার সামলে শেষে আর হয়ে ওঠেনি। তাই তোমায় যে শার্টটা এবার উপহার দিয়েছিলাম, সেই শার্টের বাক্সের ঢাকনায় তোমাকে অনেক কিছু লিখেছিলাম। তুমি বলেছিলে বারবার পড়ে শোনাতে। তুমি কথাগুলো শুনে কেঁদেছিলে। আমি তোমাকে জড়িয়ে ধরে কেঁদে বলেছিলাম, ‘আব্বু, আজকের দিনে শুধু হাসবে। আমি তোমার হাসি দেখতে চাই, কান্না নয়।’ আমি নতুন শার্টটা তোমাকে পরিয়ে দিলাম। তোমাকে তখন মনে হচ্ছিল, তুমি আমার সন্তান। হ্যাঁ, তুমি তো আমাকে সেই ছোট্টবেলা থেকে ‘আম্মি’ বলে ডাকতে। আমার খুব ভালো লাগত। তুমি বেশ কয়েক দিন ধরে ছবি তুলতে চাইতে না। কারণ তোমার মতে, তোমাকে আর আগের মতো দেখায় না। কিন্তু ‘বাবা দিবসে’ তুমি আমাকে একবারও না করোনি। বরং তুমি অনেক রকমভাবে আমাকে আদর করে আমার সঙ্গে, আমার স্বামী, সন্তানদের সঙ্গে ছবি তুলেছিলে। আমি খুব অবাক হয়েছিলাম। খুশিও হয়েছিলাম। তোমাকে এত সুন্দর লাগছিল। তুমি বললে, ‘আমার সব সুন্দর শার্টগুলো ঐন্দ্রিলা দিয়েছে।’ আমি বললাম, ‘আব্বু, তোমাকে আগে পাঞ্জাবি দিতাম, এখন শুকিয়ে গেছ বলে তোমাকে শার্ট দিই। তোমাকে এসব শার্টে বেশি মানায় তাই। তোমাকে ডিজিটাল ক্যামেরার ছবিগুলো দেখিয়েছিলাম, তুমি বলেছিলে, খুব সুন্দর হয়েছে। আমাকে কপি দিও।’১৩ জুলাই রাত পৌনে ১২টায় তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তোমাকে আমি বলেছিলাম, সারা দিন তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছা করছিল। কিন্তু সন্তান ও সংসারের কাজের চাপে পারিনি। তাই এত রাতে চলে এসেছি। তুমি বললে, ‘দেখে নাও, আব্বুকে তো আর দেখতে পারবে না।’ আমি বললাম, ‘কী বলো বাজে কথা, আল্লাহ ভরসা, তুমি ভালো হয়ে যাবে।’ তুমি খেতে পারছিলে না বলে আমি আমার রান্না তোমার জন্য নিয়ে আসতে চাইলাম। তুমি কেঁদে বললে, ‘যেয়ো না ঐন্দ্রিলা, আমার ভালো লাগে না। আমি মনে হয় আর বাঁচব না।’ আহা...তুমি আমার হাত টেনে ধরেছিলে, আমি কোনোভাবেই বুঝিনি যে সত্যিই তুমি চলে যাবে। তোমার সঙ্গে এই আমার শেষ কথা...। আর কথা হবে না। আমার সুখ-দুঃখের কথাগুলো এখন কার সঙ্গে শেয়ার করব?’আব্বু, আমার মাথায় এখন কে হাত রাখবে? কে বলবে, ‘ঐন্দ্রিলা, তোমার রান্না খুব মজা। অনেক মজা করে খেলাম। তুমি অনেক কষ্ট করেছ।’ আমি যা-ই রাঁধতাম, তোমাকে ডাকতাম, না হলে তোমার জন্য পাঠাতাম। এখন আমি কী করব। তুমি আমার রান্না এত পছন্দ করতে। কত খুশি হয়ে আমার বাসায় আসতে...। আমি তোমার ভাত মাখিয়ে দিতাম, তোমাকে বাচ্চাদের মতো খাইয়ে দিতাম। আমি তো ভাবতেও পারি না, আব্বু, তুমি আর আসবে না। আমার তো ভালো লাগে না, আব্বু। খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, আব্বু। এত কেন ভালোবেসেছ। এত কেন আদর করেছ। আদৃতা জিজ্ঞেস করে, আমি কেন ওর ‘নাভাই’-এর শার্ট নিয়ে ঘুমাই। আমি কী করব। এখন আমি কীভাবে থাকব, আব্বু?আমি তোমাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছিলাম, এক জীবন্ত কিংবদন্তির কথা। তুমি বলছিলে পারবে না। কত কষ্ট করে তোমাকে দিয়ে শুটিং করিয়েছিলাম। শুটিং করতে গিয়ে তুমি বলেছিলে, ‘আমাকে দিয়ে হবে না, ঐন্দ্রিলা।’ আমি তোমাকে বলেছিলাম, ‘তুমি পারবে, আব্বু।’ আস্তে আস্তে নয় দিন ধরে কাজ করে তোমাকে যখন সম্পাদনা করে দেখালাম, তুমি দেখে খুশিতে কেঁদে দিয়েছিলে। বললে, ‘মানুষের মৃত্যুর পর তাঁকে নিয়ে ডকুমেন্টারি হয় আর আমার মেয়ে আমাকে জীবিত অবস্থায় ডকুমেন্টারি করে দেখাল।’ তুমি সবার কাছে কত গর্ব করে বলতে।১৪ জুলাই রাত ১২টার পর আমার স্বামীর হাতে তুমি ছিলে। আমার মনে হলো, সেকেন্ডে তোমার চোখটা কেমন হয়ে গেল। চেহারা কেমন হয়ে গেল। আমি চিৎকার করে তোমাকে ধরতে লাগলাম। কেমন ঠান্ডা সব। আমি তোমাকে কত ডাকছি। তুমি উঠছ না। তোমাকে কত বললাম, আব্বু, আমাকে ডাকো। তুমি দাদা-দাদির অনেক আদরের ছিলে। আর আমারও অনেক আদরের। আল্লাহ যেন তোমাকে সব সময় আদর করে রাখে—এই দোয়া করি, আব্বু। ইতি তোমার ‘আম্মি’