কীভাবে ঈদ কাটল তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে দেশের সব কটি টিভি চ্যানেলে প্রচার হয়েছে চার শতাধিক নাটক ও টেলিছবি। আর এসব নাটক ও টেলিছবিতে পরিচিত মুখ দেখা গেছে খুব বেশি। বেসরকারি টিভি চ্যানেলগুলোর বিপণন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, দর্শকের কাছে যেসব শিল্পীর চাহিদা সবচেয়ে বেশি, তাঁদের নাটক ও টেলিছবির ব্যাপারেই বিপণন বিভাগ বেশি আগ্রহ দেখিয়েছে। এসব শিল্পীর কারণেই নাকি টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপন পেতে অনেক সুবিধা হয়। নির্মাতারাও ব্যাপারটি ভালো করেই জানেন। ফলে কয়েকজন শিল্পীর ওপর বেশি চাপ পড়ে যায়। এই শিল্পীদের তখন নাভিশ্বাস ওঠার অবস্থা। ঈদ-উৎসবকে আরও রঙিন করে তুলতে যে শিল্পীরা এত কাজ করেছেন, ঈদের দিন তাঁরা কী করেন? এবার ঈদে খুব বেশি কাজ করেছেন, তেমন কয়েকজনের সঙ্গে কথা হলো।সজল ৩০+সজল নাকি এবার ঈদে বেশি কাজ করেছেন। সজল বললেন, ‘ঈদে শেষ পর্যন্ত আমার কতগুলো কাজ প্রচারিত হয়েছে, তা ঠিক বলতে পারব না। তবে ৩০ থেকে ৩৫টা তো হবেই। আমি সারা বছর ধরেই কাজ করি। আর বেশি করি এক ঘণ্টার নাটক ও টেলিছবি। এর মধ্য থেকে কিছু ভালো কাজ নির্মাতারা রেখে দেন ঈদের জন্য। তাই ঈদের আগে খুব বেশি চাপ নিতে হয় না। তার পরও শুধু ঈদের জন্য কিছু কাজ করতেই হয়।’ঈদের আগে থেকেই সজলের জ্বর আর ঠান্ডা। ১৭ আগস্ট থেকে আর কোনো কাজ করতে পারেননি। এখনো পুরোপুরি সুস্থ নন। চিকিৎসক যেসব ওষুধ দিয়েছেন, এর মধ্যে কিছু আবার ঘুমের সঙ্গে সম্পর্ক আছে। খাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। তাই ঈদের ছুটিতে বেশির ভাগ সময় তাঁকে ঘুমাতে হয়েছে।মোশাররফ ৩০ঈদের কয়েক দিন আগে মোশাররফ করিম বলেছেন, ‘প্রাণ যায় যায় অবস্থা। গোড়াতে বুঝিনি। এখন দেখছি বেশিই করা হয়ে গেল। সবাই এত চাপাচাপি আর ধরাধরি করেছে, অনেককেই আর না করতে পারিনি। ঈদের ছুটিতে একটু বিশ্রাম নেব। ঘুমানো দরকার।’ঈদের পর বললেন, ‘যা ভেবেছিলাম, করতে পারিনি। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। একজন আবার অনেক দিন পর দেশে ফিরেছে। আর আমার নাটকের দল নাট্যকেন্দ্রের কয়েকজন জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছি।’মোশাররফ জানালেন, এক ঘণ্টা আর টেলিছবি মিলিয়ে তাঁর ৩০টা কাজ প্রচারিত হয়েছে।মিলন ২০মিলন ঈদের কাজ শুরু করেছিলেন আড়াই মাস আগে। এবার ঈদে তাঁর সব মিলিয়ে কাজের সংখ্যা ২০টি। তিনি বললেন, ‘আগেই পরিকল্পনা করে রেখেছিলাম, ঈদের ছুটিতে শুধুই ঘুমাব। তবে ঘুমের পাশাপাশি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি।’বিন্দু +৫০ঈদের সময় কথা হয় বিন্দুর সঙ্গে। তিনি জানালেন, ঈদের আগে থেকেই জ্বর আর ঠান্ডা। দু-এক বছর ধরেই নাকি ঈদের সময়টায় অসুস্থ হয়ে পড়েন। বেশি কাজের চাপ এর অন্যতম কারণ। এবার ঈদে কয়টি কাজ গেছে? বিন্দু হেসে বললেন, ‘অনেক, সংখ্যাটা ভাবলে আমি নিজেই ভয় পেয়ে যাই।’বিভিন্ন টিভি চ্যানেল সূত্রে জানা গেল, বিন্দু নাকি প্রায় অর্ধশত নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। বিন্দুর ভাষায়, ‘ততটা না।’ তবে কয়টি, তা তিনি নিজেও বললেন না।