কীর্তিমতী পরিণীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিমটি কাটতে কাটতে কাহিল অবস্থা পরিণীতি চোপড়ার। ক্যারিয়ারে প্রথমবারের মতো একক নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইশাকজাদে ছবিতে। আর এ ছবিতে অভিনয় করেই জুরি বোর্ডের রায়ে বিশেষ সম্মাননা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি। যেখানে হেমা মালিনী, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, মনীষা কৈরালা, কাজল, রানী মুখার্জি, ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুরদের কাছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো অধরা, সেখানে ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতে অভিনয় করেই রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া—স্বপ্নের মতোই ঠেকছে পরিণীতির কাছে। এক মাস ধরেই শুভেচ্ছা-অভিনন্দনের স্রোতে ভাসছেন তিনি। সব অভিনন্দনকে ছাপিয়ে তিনি এ মুহূর্তে ধন্যবাদ দিতে চান অমিতাভ বচ্চনকে। পুরস্কারকন্যা বলেন, ‘যাঁকে সারা জীবন অভিনয়ের শীর্ষবিন্দু বলে মেনেছি, যাঁর সঙ্গে কখনো পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার সাহস পর্যন্ত করিনি, সেই অমিতাভ বচ্চন আমার পুরস্কারপ্রাপ্তির খবর শুনে নিজ হাতে চিঠি লিখে ফুলের তোড়া পাঠিয়েছেন। বিস্ময়ে হতবাক হয়ে দিনব্যাপী ‘ড্রামা কুইন’ হয়ে গিয়েছিলাম। আনন্দ সইতে না পেরে সারা দিন কেঁদেছি।’ এত বড় পুরস্কারের ভারে পরিণীতি মাথা ঝুঁকিয়ে বলেন, ‘দায়িত্ব বেড়ে গেল। এখন আর ফাজলামো করে যেনতেন ছবি করতে পারব না।’পরিণীতির ঝুলিতে এ মুহূর্তে আছে তিনটি ছবি—করণ জোহর-অনুরাগ কশ্যাপ প্রযোজিত হাঁসি তো ফাঁসি (সিদ্ধার্থ মালহোত্রা), যশ রাজ ফিল্মস-শাদ আলীর কিল দিল (রণবীর সিং, আলী জাফর) ও যশ রাজ ফিল্মস-মনীষ শর্মার নাম চূড়ান্ত না হওয়া ছবি (সুশান্ত সিং রাজপুত)। অক্ষয় কুমারের বিপরীতে গজনি নির্মাতা মুরুগাডোসের ছবি, সিদ্ধার্থের বিপরীতে রেমো ডি সুজার ছবি এবং বরুণ ধাওয়ানের বিপরীতে তিনটি ছবি ফিরিয়ে দিয়ে সমালোচনাও কুড়িয়েছেন পরিণীতি। অবশ্য এ ক্ষেত্রে তাঁর যুক্তি, ‘চাইলে অর্থের জন্য ৩৬৫ দিনই ব্যস্ত থাকতে পারি। কিন্তু আমি কোনো ছবিতে শোপিস হয়ে থাকতে চাই না। বিপরীতে নায়ক আমির-সালমান-শাহরুখ থাকুক কিংবা রজনীকান্ত-অমিতাভ; চরিত্র পছন্দ না হলে আমি কোনো ছবি করব না—ফুল অ্যান্ড ফাইনাল।’সমালোচনার গল্প এখানেই শেষ নয়। জুহি চাওলাকে বাদ দিয়ে পরিণীতিকে একটি চিপসের বিজ্ঞাপনে নেওয়া হয়েছে সম্প্রতি। কিন্তু শুটিংয়ে বোমান ইরানি, ইমরান খান ও অন্যরা সময়মতো উপস্থিত থাকলেও প্রতিদিন তিন-চার ঘণ্টা দেরি করে সেটে আসা পরিণীতির নাকি অভ্যাসে পরিণত হয়েছে। তথাকথিত ‘স্টারডম’ নাকি পেয়ে বসেছে তাঁকে। এ প্রসঙ্গে পরিণীতির কৈফিয়ত, ‘যত্ত সব গুজব! আমার মতো লক্ষ্মী মেয়েই হয় না।’স্বঘোষিত ‘লক্ষ্মী মেয়ে’ পরিণীতির প্রায় প্রতিটি সাক্ষাৎকারে এখনো কাজিন প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটি প্রশ্ন থাকে। আর এ বিষয়টি নিয়ে রাজ্যের বিরক্তি মিস চোপড়ার। তাঁর যুক্তি, ‘কই, রণবীর কাপুরকে তো কেউ সারাক্ষণ কারিনা কাপুরের কাজিন বলে না! শুধু আমার বেলায় এই না-ইনসাফি কেন?’ বোন প্রিয়াঙ্কাই তাকে মিডিয়ায় নিয়ে এসেছিলেন, কিন্তু এখন আর বোনের লেবেল গায়ের সঙ্গে লাগাতে চান না পরিণীতি। প্রিয়াঙ্কা কি তবে পরিণীতির ঈর্ষার শিকার? হাসতে হাসতে পরিণীতি বলেন, ‘বোনকে কেন অযথা ঈর্ষা করব? প্রিয়াঙ্কা অভিনয় শুরু করার নয় বছর পর আমি অভিনয় শুরু করেছি। ওর সঙ্গে কি আমাকে এক কাতারে দাঁড় করানো উচিত?’ বোন প্রিয়াঙ্কা গান গেয়ে সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাত হয়েছেন। প্রিয়াঙ্কার সাফল্যে বেজায় খুশি দাবি করা পরিণীতি বলেন, ‘আমরা দুই বোনই অসম্ভব ভালো গান করি। তিন বছর বয়স থেকে আমি গান শিখেছি। একদিন আমিও গান গেয়ে সুনাম কুড়াব, কথা দিলাম।’অন্যের প্রসঙ্গে কথা এগোতেই পারেন না পরিণীতি। বারবার নিজের গল্প টেনে আনেন। দুটি ছবিতে কাজ করে ২৫ বছরের পরিণীতি ১৮টি পুরস্কার ঘরে তুলেছেন, তার মাথা একটু এদিক-সেদিক হলে দোষ দেওয়া যায় না তাঁকে। পরিচালক মনীষ শর্মা থেকে যশ চোপড়ার ছোট ছেলে উদয় চোপড়ার সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের জেরেই বলিউডে তাঁর পায়ের নিচের মাটি শক্ত হচ্ছে, এমনটি ধারণা করছেন অনেকেই। এ ব্যাপারেও ঠোঁট উল্টে পরিণীতির বক্তব্য, ‘সফল মানুষদের সঙ্গে স্রোতের মতো নিন্দুকেরা আসেন খড়কুটোর মতো। তাঁদের বাদ দিয়ে সাফল্যের পথে হাঁটা যায় না। এখন আমার এসব কল্পকাহিনি শুনতে মজাই লাগে। তবে আমার মূল ফোকাস কিন্তু অন্যখানে। হাঁসি তো ফাঁসি ছবির জন্য এক মাসে ১৮ কিলো ওজন কমাতে হবে। জান দিয়ে খাটছি। নিজেকে প্রতি ছবিতে আমূল বদলে ফেলতে চাই। আমি আমার নীতি নিয়ে চলছি। কে কী বলল, তা নিয়ে ভাবি না। পরিশ্রম, সততা, আন্তরিকতার তো একটা পুরস্কার আছে, তাই না!’ রুম্মান রশীদ খানহিন্দুস্তান টাইমস, বলিউড হাঙ্গামা, মিড ডে, আইবিএন লাইভ, টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ, বলিস্পাইস ডট কম অবলম্বনে