কুঁড়িতেই বুড়ি নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট ব্ল্যানচেট
কেট ব্ল্যানচেট

নায়িকাদের জীবনের হিসাবটা বড্ড গোলমেলে, বড্ড বেহিসেবি। বয়স তো পঙ্খীরাজ ঘোড়ার মতনই, কখন যে ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তার হিসাব রাখা বড় দায়। তাই এখানে কেউ টিকে থাকতে এসেও বয়সের কাছে হার মানেন, আবার কেউ লিন্ডসে লোহানের মতো অভিজ্ঞতার অভাবেও ঝরে পড়েন অকালে। তবে কেট ব্ল্যানচেট নিজেকে আলাদা ভাবতেই পারেন। পাক্কা ৪৬ বছর বয়সে এখনো তো স্বগর্বে দাপিয়ে বেড়াচ্ছেন হলিউডে!

ক্যারল ছবিতে কেট ব্ল্যানচেট
ক্যারল ছবিতে কেট ব্ল্যানচেট

বয়স যত বাড়ে, ধার তত কমে যায়—এই কথাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি এখনো পর্দাতে যেমন খুশি তেমন সাজোর আদলে রাঙিয়ে দিয়ে যাচ্ছেন তিনি। তাঁর অভিনয়ের শুরুর গল্প মঞ্চ থেকে। মঞ্চে কাজ করে এ পর্যন্ত চারবার পেয়েছেন ‘হেল্পমান পুরস্কার’। তাই যত কাজই হাতে থাকুক না কেন, মঞ্চ তাঁর অভিনয়-জীবনের একটা বড় অংশ জুড়ে সব সময়ই আছে। তবে তাঁর পর্দার জীবনের শুরুটা হয়েছিল অদ্ভুতভাবে। মাত্র ১৮ বছর বয়সে, তাও আবার সহশিল্পীর চরিত্র দিয়ে। একটি বক্সিংয়ের রিংয়ের বাইরে ভিড়ের মধ্য থেকে পালিয়ে যেতে হবে। সেদিন ভিড় থেকে ঠিকই সফলভাবে দৌড়েছিলেন। সেই শুরু, অভিনয়ের ম্যারাথনে আজও সাফল্যের সঙ্গে দৌড়ে চলেছেন তিনি।
ক্যারিয়ারে তাঁর প্রাপ্তি অনেক। বৈচিত্র্যও অনেক। ২০০৪ সালে মার্টিন স্করসিস পরিচালিত দ্য এভিয়েটর ছবিতে হলিউড অভিনেত্রী ক্যাথরিন হেপবার্নের চরিত্রে অভিনয় করে ঘরে তুলেছেন অস্কার! অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু আবার ২০১৩ সালে ফিরে এসে উডি অ্যালানের ব্লু জেসমিন ছবি দিয়ে সাড়া ফেলেন। ভাবতে পারেন, এই ছবির জন্য তাঁর বাড়ির শোকেসে কয়টি পুরস্কার সাজানো? না, আপনার ভাবনার আশপাশেও হয়তো সংখ্যাটি নেই, একদম গুনে গুনে ৪২টি! কে জানে, শুধু এই এক ছবির পুরস্কার রাখতেই হয়তো কারিগরকে ফরমায়েশ দিয়ে বানিয়ে নিয়েছেন নতুন আরেকটা শোকেস!
এবার তিনি আবার আলোচনায় এসেছেন ক্যারল ছবি দিয়ে। প্যাট্রিসিয়া হাইস্মিথের ক্যারল উপন্যাস অবলম্বনে সমকামিতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ছবিটি। চ্যালেঞ্জিং তো বটেই। কিন্তু চ্যালেঞ্জ নিয়ে কাজ করাই যেন তাঁর নিজস্বতা। এই বছর কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হওয়ার পর থেকেই আলোচনায় আছেন কেট। বলা হচ্ছে, টড হায়েন্সের পরিচালনায় এই ছবির জন্যও হয়তো আগামী বছর অস্কারটা পেয়ে যেতে পারেন তিনি। এর আগেও তিনি অনেক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। নারী হয়েও আই অ্যাম নট দেয়ার ছবিতে গায়ক বব ডিলানের চরিত্রে অভিনয় করে নিজের প্রতিভার কথা জানান দিয়েছিলেন সবাইকে। ২০০১ সালে পিটার জ্যাকসন পরিচালিত লর্ড অব দ্য রিংস ছবিতে শ্বেতশুভ্র, পবিত্র জাদুকরি ‘লেডি গ্যালাড্রিয়েল’ থেকে হালের সিন্ডারেলা ছবিতে সৎমার চরিত্র, সব ছবিতেই যেন সাবলীল স্বর্ণকেশী এই অভিনেত্রী।
শুধু ক্যামেরার সামনে অভিনয়ে নয়, সামনে কেট নাম লেখাতে যাচ্ছেন ক্যামেরার পেছনেও। রাও নামের একজন জার্মান-বিমানবালার জীবন নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন টিভি সিরিজ। সেখানে কেট থাকবেন পরিচালক হিসেবে। এ ছাড়া সামনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর ট্রুথ এবং দ্য জাঙ্গল বুক নামের দুটি ছবি। ৪৬ বছর বয়সে যখন অনেকেই অবসরের কথা ভাবেন, সেখানে তিনি শুরু করেছেন নতুন জীবন।
দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল অনলাইন, উইকিপিডিয়া অবলম্বনে