কুইন এখন কঙ্গনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইন ছবিতে কঙ্গনা রনৌত
কুইন ছবিতে কঙ্গনা রনৌত

দাবা খেলেছেন কখনো? দাবার বোর্ডে কিস্তিমাত ঠেকাতে কিংয়ের এপাশ-ওপাশ পালানো ছাড়া কিছুই কী করার থাকে? সাদা-কালো চারকোনা পুরো ৬৪ ঘর শাসন করে বেড়ায় তো কুইন নামের ঘুঁটিটাই, যদিও বাংলায় আমরা ওটাকে ‘মন্ত্রী’ বলে থাকি। বলিউডের বর্তমান অবস্থাটা দাবার ঘুঁটির মতোই। বলিউড সাম্রাজ্যে এত দিন ধরে ‘কিং’দের রাজত্বই চলে এসেছে। নায়কদের কাঁধে ভার করেই হিট হতো ছবি। কিংদের সেই রাজত্ব বুঝি আর রইল না! বিদ্যা বালানদের আঘাতে যেই রাজত্বের ধারা বদলানো শুরু হয়েছিল সেটা ‘কুইন’দের হাতেই নিয়ে গেলেন দীপিকা পাড়ুকোন। পর পর চারটি সুপারহিট ছবি দিয়ে গত বছর ৬০০ কোটি রুপির বাণিজ্য করে বলিউড শাসন করেছেন দীপিকা একাই। কুইনদের এই রাজত্বে এবার শামিল হলেন নতুন আরেক কুইন। চলতি ট্রেন্ড বলছে, এই কুইনের নাম কঙ্গনা রনৌত। সম্প্র্রতি মুক্তি পেয়েছে কঙ্গনার নতুন ছবি কুইন।

২০০৬ সালে গ্যাংস্টার ছবি দিয়েই বলিউডে অভিষেক। এরপর একে একে ও লামহে, লাইফ ইন আ মেট্রো, তনু ওয়েডস মনু, ফ্যাশন, শুটআউট অ্যাট ওয়াদালা, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই, কৃষ থ্রির মতো আলোচিত কিংবা সফল ছবি উপহার দেওয়ার পরও কঙ্গনার কপালে শুধু প্রশংসাই জুটেছে, অধরাই ছিল ‘বলিউড কুইন’-এর তকমাটা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়া শেষ মুক্তিপ্রাপ্ত ছবি রাজ্যতেও প্রশংসিত অভিনয়, তবুও তিনি যেন বলিউড সাম্রাজ্যের এক রাজ্যহারা রানি। তবে নতুন ছবি কুইন-এর বদৌলতে সত্যিই এবার বিটাউনের রানি হয়ে উঠেছেন কঙ্গনা। দর্শক থেকে সমালোচক—প্রত্যেকের মনেই জায়গা করে নিয়েছে এই ছবি।

কঙ্গনার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের তারকারাও। কঙ্গনার অভিনয় এতটাই ভালো লেগেছে দীপিকার যে রীতিমতো কঙ্গনার প্রতি হিংসাই হচ্ছে তাঁর। দীপিকা বলেন, ‘কুইন ছবিতে কঙ্গনা অসাধারণ অভিনয় করেছেন। তাঁর অভিনয় দেখে আমার হিংসা হচ্ছে। তাঁর জন্য অনেক ভালোবাসা। অনেক দিন পর আমি অসাধারণ একটি ছবি উপভোগ করলাম।’ কুইন-এর প্রশংসা করে সবাইকে দেখার অনুরোধ জানিয়েছেন বলিউড পারফেক্টশনিস্ট আমির খানও। আমির টুইট করেন, ‘অসাধারণ একটি ছবি। প্রতিটি নারীর দেখা উচিত এই ছবি। নারীদের পাশাপাশি পুরুষদেরও দেখা উচিত। দারুণ অভিনয় করেছে কঙ্গনা।’

কঙ্গনা রনৌত
কঙ্গনা রনৌত

বিকাশ ভেল পরিচালিত কুইন ছবিটি মূলত রানি নামের একটি সাধারণ মেয়ের নিজেকে খুঁজে পাওয়ার গল্প। দিল্লির রক্ষণশীল পরিবারের এই মেয়েটি বিয়ে ভেঙে যাওয়ার পর হতাশা কাটিয়ে উঠতে একাই হানিমুনে প্যারিসে চলে যায়। এই একা যাত্রায় সে বহু অচেনা মানুষের সঙ্গে পরিচিত হয়। জীবনকে নতুনভাবে আবিষ্কার করে রানি। কুইন-এর রানি এভাবেই এক অসাধারণ জার্নির মুখোমুখি হয় তার জীবনে। কঙ্গনা এই রানীর ভূমিকাতেই একেবারে অবাক করা অভিনয় করেছেন। ডি-গ্ল্যাম লুক, সাদামাটা সালোয়ার স্যুটে রানি হয়ে ওঠা এই চরিত্রে কঙ্গনা নিজের ছায়াই দেখেছিলেন হয়তো। হিমাচলের ছোট শহর মান্ডি থেকে মুম্বাইয়ে যখন পা রাখে কঙ্গনা, তখন সে রানির মতোই একটি মেয়ে ছিল। অনুরাগ কশ্যপ ও বিক্রমাদিত্য মতওয়ানি প্রযোজিত এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও এবং লিসা হেইডন। কঙ্গনার কুইন ছাড়াও একই দিনে মাধুরী দীক্ষিত-জুহি চাওলার গুলাব গ্যাং এবং আলী জাফর-ইয়ামি গৌতমের টোটাল সিয়াপা ছবি দুটিও মুক্তি পেয়েছিল। তবে দর্শক সমালোচকেরা দুই হাত ভরে গ্রহণ করেছেন কুইন কঙ্গনাকেই।

২৫ কোটি রুপি বাজেটের এই ছবির বক্স অফিসে এখনো রয়েছে টপচার্টে। ১০ দিনে ছবিটির মোট আয় প্রায় ৩০ কোটি রুপি দাঁড়িয়েছে। কঙ্গনা অভিনীত আরেকটি ছবি রিভলভার রানি মুক্তি পাচ্ছে আগামী মাসেই। এ ছবিতে কুইন থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী একটি চরিত্রে তাঁকে দেখা যাবে। শুধু কি তা-ই, করণ জোহরের উংলি, আনন্দ এল রায়ের তনু ওয়েডস মনু টু-ও আসবে এ বছরেই। বলিউডের এই নতুন ‘কুইন’ যে দর্শকের হূদয়ের রানি হয়ে উঠতে চলেছেন, তাতে কোনো সন্দেহ নেই।

সাজিদুল হক

টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, ওয়ান ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইকিপিডিয়া অবলম্বনে