কুইনি'স আর্টের আর্ট ক্যাম্প

বিশ্বসাহিত্য কেন্দ্র প্রাঙ্গণে গতকাল থেকে শুরু হয়েছে ‘বাংলার মাটি, বাংলার জল’ শীর্ষক আর্ট ক্যাম্প। আয়োজন করেছে চিত্রকলা বিষয়ক সংগঠন কুইনি’স আর্ট। দেশের ২০ জন চিত্রশিল্পী এতে অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এ আর্ট ক্যাম্প শেষ হচ্ছে আগামীকাল।
আর্ট ক্যাম্পের বিষয়বস্তু ‘বাংলাদেশের রূপ, ঋতু, নিসর্গ’। শিল্পীরা নিজ নিজ মাধ্যমে আঁকবেন বাংলাদেশের প্রকৃতি।
শিল্পীরা হলেন আব্দুল মান্নান, নাসিম আহমেদ নাদভি, সামিনা নাফিস, আশরাফুল হাসান, লায়লা শারমিন, আনিস মামুন, আজমীর হোসেন, রেজা কে চৌধুরী, সুলতান ইসতিয়াক, তালুকদার সানি, সোহাগ পারভেজ, আবদুল্লাহ আল বশীর, উত্তম কুমার রায়, সৌরভ চৌধুরী, শামিম সুব্রানা, ফাহমিদা খাতুন, শাহানূর মামুন, ফারজানা চৌধুরী, মোহাম্মদ মেহেদি হাসান ও নাসিমা কুইনি।
কুইনি’স আর্টের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী নাসিমা কুইনি বলেন, “কুইনি’স আর্ট শিল্পীদের নিয়ে কাজ করে। ২০১৩ সাল থেকে আমরা এমন আর্ট ক্যাম্প আয়োজন করছি। এটি আমাদের আয়োজিত তৃতীয় আর্ট ক্যাম্প। এবারের আর্ট ক্যাম্পে আঁকা ছবিগুলো নিয়ে আগামী বছর প্রদর্শনীর আয়োজন করব।”