কুচারের প্রেমের প্রস্তাবে মিলার কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাস্টন কুচারের সঙ্গে মিলা কুনিস
অ্যাস্টন কুচারের সঙ্গে মিলা কুনিস

অ্যাস্টন কুচারের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেছিলেন বলেই সম্প্রতি জানিয়েছেন মিলা কুনিস। বিশেষ সেই দিনটির কথা জানাতে গিয়ে ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত সেটিই তাঁর জীবনের সেরা দিন।     

দুই বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন অ্যাস্টন কুচার ও মিলা কুনিস। বাগদানও সম্পন্ন হয়েছে হলিউডের এ তারকা জুটির। শুধু তা-ই নয়, অনাগত সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন অ্যাস্টন কুচার ও মিলা কুনিস।
কুচারের কাছ থেকে পাওয়া প্রথম প্রেমের প্রস্তাব সম্পর্কে মিলার সরল স্বীকারোক্তি, ‘সেদিন আমি না কেঁদে পারিনি। জীবনে অনেক এলোমেলো সময় পার করতে হয়েছে আমাকে। কিন্তু কুচারের মুখে প্রেমের প্রস্তাব শুনে হঠাত্ করেই মনে হলো, ভিন্ন কিছু ঘটতে চলেছে আমার জীবনে।’

মিলা আরও বলেন, ‘কেন যেন বার বার মনে হচ্ছিল, আমাদের সম্পর্কটা অনেক বেশি অন্য রকম হবে। তাই বলে এর পেছনে অতীতের ব্যর্থ কোনো প্রেমকে দায়ী মনে হয়নি আমার। আমি সত্যিই জানি না, কেন সেদিন এমন অনুভূতি হয়েছিল!’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।

মিলা জানিয়েছেন, জীবনের ঘাত-প্রতিঘাত সইতে সইতে তিনি অনেক কঠিন হয়ে পড়েছিলেন। পাগলাটে কিংবা উদ্ভট কোনো কিছু করার সুযোগ পেলেই লুফে নিতেন তিনি। যে কারও মুখের ওপর না বলতে বিন্দুমাত্র দ্বিধাও হতো না তাঁর। কিন্তু প্রেমের প্রস্তাব দিয়ে তাঁর জীবন পাল্টে দেন ৩৬ বছর বয়সী কুচার। এ প্রসঙ্গে মিলা বলেন, ‘কাউকে কোনো বিষয়ে খুব সহজেই না বলতে পারতাম আমি। কিন্তু কুচারের মুখ থেকে প্রেমের প্রস্তাব শুনে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিলাম। আর এভাবেই পাল্টে গেল আমার জীবন।’

মিলা কুনিস-অ্যাস্টন কুচার
মিলা কুনিস-অ্যাস্টন কুচার


‘দ্যাট সেভেন্টিস শো’ টিভি সিরিজে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন মিলা ও কুচার। ২০১২ সালের এপ্রিলে তাঁদের অভিসার শুরু হয়। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা বাগদান সম্পন্ন করেন। গত মে মাসে একটি টিভি অনুষ্ঠানে বাগদানের খবর নিশ্চিত করেন মিলা। প্রথম সন্তানের মা হতে চলেছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দুই বছর প্রেম করার পর ২০০৫ সালে বয়সে ১৫ বছরের বড় হলিউডের অভিনেত্রী ডেমি মুরকে বিয়ে করেছিলেন অ্যাস্টন কুচার। পরবর্তী সময়ে চিলির এক তরুণীর সঙ্গে কুচারের প্রেমের খবর ফাঁস হওয়ার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ডেমি মুর। তিনি ২০১২ সালে কুচারের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। ২০১৩ সালের নভেম্বরে কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

অন্যদিকে, ‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলে কালকিনের সঙ্গে মিলা কুনিস দীর্ঘ নয় বছরের প্রেমের ইতি টেনেছিলেন ২০১১ সালে। পরের বছরের এপ্রিলে ‘দ্যাট সেভেন্টিস শো’ টিভি সিরিজের সহ-অভিনেতা কুচারের সঙ্গে মিলার প্রেমের খবর চাউর হয়। ২০১৩ সালের মার্চে মিলার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন কুচার। শুধু তা-ই নয়, মিলার বাবা মার্কের সঙ্গে দেখা করে তাঁর মেয়েকে বিয়ে করার অনুমতিও চান কুচার। দীর্ঘ সময় আলাপ-আলোচনার পর মার্কের কাছ থেকে আশীর্বাদও নেন কুচার।