কুঠিবাড়িতে প্রীতি সম্মেলন, সন্ধ্যায় গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পীরা । ছবি: প্রথম আলো
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পীরা । ছবি: প্রথম আলো

ছুটির দিন। প্রতিদিনের কর্মব্যস্ততা ছিল না শহরবাসীর। সংগীত আর নৃত্যের ছন্দে সন্ধ্যা কাটাতে পরিবার-পরিজন নিয়ে এসেছিলেন অনুষ্ঠানে। হাজারো রবীন্দ্রভক্তের উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠেছিল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণ। গতকাল শুক্রবার এখানে ছিল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন।
সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কুঠিবাড়িতে প্রথম অধিবেশনে সংগঠনের সদস্যদের নিয়ে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশন শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। প্রথমেই ছিল সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি’ গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালন ও বোধন সংগীত ‘ও আমার দেশের মাটি’। এরপর ছিল শুভেচ্ছা বক্তব্য, সংগীতানুষ্ঠান ও নৃত্য। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের এই আয়োজনে সহযোগিতা করছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার।
মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে শুভেচ্ছা বক্তব্যে শিল্পী মুস্তাফা মনোয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘কবিগুরু ছবিতে যে নান্দনিক বোধের প্রকাশ ঘটিয়েছেন, তা বিশ্বমানের। তিনি বুঝেছিলেন, ইউরোপীয়দের আঁকা ছবি আমাদের মনের ক্ষুধা মেটাতে পারবে না। তাই তিনি পশ্চিমারীতির সঙ্গে হুবহু মিল না রেখে আত্মার সম্পর্ক থেকে ছবি আঁকতেন।’
শুভেচ্ছা বক্তব্যের পর দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
আজ শনিবার অনুষ্ঠানের সমাপনী দিন। সকাল নয়টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ১০টা থেকে হবে প্রতিনিধি সম্মেলন। বিকেল সাড়ে চারটায় শোক প্রস্তাব পাঠ, রবীন্দ্রপদক ও গুণীজন সম্মাননা প্রদান। সম্মাননা দেওয়া হবে সংগীতগুরু অমরেশ রায় চৌধুরীকে। আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।