কুপন তুললেন ফেরদৌস-জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো পুরস্কারে প্রথম আলোর পাঠকেরা অসংখ্য কুপন পূরণ করে প্রিয় তারকাকে ভোট দিয়েছিলেন। অনলাইনের পাঠকেরাও ভোট দিয়েছিলেন। এ ছাড়া মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়েও ভোট দিয়েছিলেন তাঁরা। তারকারা তো তাঁদের পুরস্কার নিয়ে গেছেন। কিন্তু যাঁরা ভোট দিয়েছিলেন কুপনে-অনলাইনে, তাঁরা কি কিছু পাবেন না? অবশ্যই পাবেন। গাড়ি, মোটরসাইকেলসহ কত পুরস্কার! এ জন্য ২৫ জুন প্রথম আলো কার্যালয়ে এলেন ফেরদৌস ও জয়া আহসান। বিকেল চারটায় আসার কথা তাঁদের।জয়া এলেন। তারও কিছু সময় পরে এলেন ফেরদৌস।দুজনকে একসঙ্গে দেখে প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বললেন, ‘এ যে দেখি গেরিলা বাহিনী।’চলচ্চিত্রে দুজনই অভিনয় করেছেন বলে দুজনকে একসঙ্গে দেখলে এভাবেই মজা করে কথা বলেন তিনি।জয়া বললেন, ‘শুরু করা যাক।’প্রথমে কুপনের ভোট। টেবিলের ওপর হাজার হাজার কুপন। এখান থেকেই একজন সৌভাগ্যবান মানুষ জিতে নেবেন গাড়ি। প্রথম আলো ব্র্যান্ডের জাভেদ সুলতান বললেন, ‘গতবার গাড়িটি পেয়েছিলেন চট্টগ্রামের একজন। দেখা যাক এবার কে পায়?’বলতে না বলতেই ফেরদৌস যে কুপনটি তুললেন, দেখা গেল এবারও চট্টগ্রামের একজন পেয়েছেন। একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন সেই সৌভাগ্যবান মানুষটি। কুপনে ফোন নম্বরটি দেওয়াই ছিল। সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়ে দেওয়া হলো তাঁকে। তাঁর সঙ্গে জয়া ও ফেরদৌস দুজনই কথা বললেন। অন্যদিকের মানুষটি কী বলছেন, তা জানার উপায় নেই, কিন্তু ফেরদৌস আর জয়ার কথাতেই বোঝা যাচ্ছিল, তারা ভদ্রলোকের উচ্ছ্বাসের জবাবেই কথা বলছেন।এরপর মোটরসাইকেল বিজয়ীর কুপনটি তোলা হলো। তাঁর সঙ্গেও কথা বললেন ফেরদৌস ও জয়া।এবারে অনলাইনে যাঁরা ভোট দিয়েছিলেন, তাঁদের জন্য পুরস্কারের পালা।সব লটারিই হলো, এবারে জয়া আর ফেরদৌস নিজেরা পরীক্ষা করে দেখতে লাগলেন কুপনগুলো।এত এত কুপন পূরণ করে যাঁরা পাঠিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানালেন ফেরদৌস ও জয়া।