কুমিল্লায় নজরুল ইনস্টিটিউটের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইনস্টিটিউটের নতুন শাখা হচ্ছে কুমিল্লায়। শহরের ধর্মসাগরের সঙ্গে রানীকুঠির পাশে এই ভবন তৈরি হবে।নজরুল ইনস্টিটিউটের পরিচালক রশিদ হায়দার জানান, সরকারের পক্ষ থেকে এই ভবনের জন্য ২৯ শতাংশ ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এরই মধ্যে নকশাও চূড়ান্ত হয়েছে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে এই জায়গার ওপর তিনতলা ভবনের নির্মাণকাজ শুরু হবে। ভবিষ্যতে ভবনটি ছয়তলা করা হবে।প্রতিষ্ঠানের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন জানান, সরকার এই ভবন নির্মাণের জন্য সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনতলা এই ভবনের নকশায় থাকছে উন্মুক্ত মঞ্চ, নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন জিনিস প্রদর্শনের জন্য গ্যালারি, সেমিনারকক্ষ, পাঠাগার, প্রশিক্ষণকক্ষ, অতিথিশালাসহ আরও কিছু। এই উন্মুক্ত মঞ্চে নজরুল-সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান জাতীয় ও স্থানীয়ভাবে আয়োজন করা হবে। এ ছাড়া অন্যান্য সময়ও এখানে অনুষ্ঠান করা যাবে। সাধারণ পাঠকদের জন্য পাঠাগারে নজরুলের রচনাবলিসহ তাঁকে নিয়ে লেখা নানা ধরনের বই থাকবে। কুমিল্লায় নজরুল ছিলেন দীর্ঘদিন। এখানে বিভিন্ন স্থানে নজরুলের নানা কিছু ছড়িয়ে আছে। নজরুল ইনস্টিটিউট এখন সেগুলো সংগ্রহ করে গ্যালারিতে স্থায়ীভাবে প্রদর্শন করার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া রেপ্লিকার মাধ্যমেও অনেক কিছু উপস্থাপন করা হবে।রশিদ হায়দার বলেন, ‘নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানে নজরুল ইনস্টিউটের শাখা করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর আগে ত্রিশাল দরিরামপুরে নজরুল ইনস্টিটিউটের একটি শাখা স্থাপন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কুমিল্লা শাখার নির্মাণকাজ শেষ করা হবে। এরপর পর্যায়ক্রমে সিলেট ও চট্টগ্রামে আরও দুটি শাখা করা হবে। এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।’