
আজ শুরু হচ্ছে ২৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এশিয়া মহাদেশের সবচেয়ে বনেদি চলচ্চিত্র উৎসব হিসেবে গণ্য ছায়াছবির এই বার্ষিক মিলনমেলায় এবার ৮৬টি দেশ ও ভূখণ্ড থেকে মোট ১৪০৯টি ছবি জমা পড়েছিল। সেসব ছবির মধ্য থেকে আয়োজকেরা ১৬টি ছবি মূল প্রতিযোগিতা বিভাগের জন্য বেছে নিয়েছেন।
এ ছাড়া আরও দুটি প্রতিযোগিতা বিভাগ—এশিয়ার তরুণ নির্মাতাদের শ্রেষ্ঠ ছবি ‘এশিয়ান ফিউচার’ এবং জাপানি ছায়াছবি বিভাগে বাছাই ছবির সংখ্যা হচ্ছে যথাক্রমে ১০ এবং ৮টি। তিনটি বিভাগের প্রতিযোগিতার জন্য বাছাই ছবির বাইরে আরও বেশ কয়েকটি বিভাগে দুই শতাধিক ছবি দশ দিন ধরে উৎসবের সময় দর্শকদের জন্য দেখানো হবে। প্রতিযোগিতার বাইরে চলচ্চিত্রশিল্পে অবদান রাখার স্বীকৃতি হিসেবে যে দুজন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বকে এবার ‘সামুরাই পুরস্কার’ দিয়ে সম্মাননা জানানো হবে, তাঁরা হলেন জাপানি পরিচালক ইওজি ইয়ামাদা এবং হংকংয়ের বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব জন উ। এবারের উৎসবের জন্য বাংলাদেশ থেকে পাঁচটি ছবি জমা দেওয়া হলেও এর কোনোটিই প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি।
এবারের উৎসবেও গত বছরের মতো ব্যতিক্রমী একটি আকর্ষণ হচ্ছে কাবুকি মঞ্চনাটক ও ছায়াছবির যৌথ একটি আয়োজন। এখানে কাবুকির সঙ্গে সম্পর্কিত কিংবা কাবুকির প্রতি আকর্ষণ অনুভব করা নেতৃস্থানীয় চলচ্চিত্র ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। গত বছরের প্রথম আয়োজনে সম্মানিত হয়েছিলেন চার্লি চ্যাপলিন। এবার হচ্ছেন জাপানি ছায়াছবির কিংবদন্তি পুরুষ আকিরা কুরোসাওয়া। ২৬ অক্টোবর টোকিওর কাবুকিজা থিয়েটার হলে শুরুতে বিখ্যাত কাবুকি অভিনেতা কাতাওকা আইনোসুকের বিশেষ একটি উপস্থাপনা দর্শকেরা দেখতে পাবেন। এরপর ১৯৫২ সালে মুক্তি পাওয়া কুরোসাওয়ার বাঘের লেজে পা দিয়েছিল যারা—এই নামের একটি অপেক্ষাকৃত স্বল্প পরিচিত ছবি দেখানো হবে।
দশ দিন ধরে চলা উৎসবের শেষ দিনে জুরি সদস্যরা তাঁদের পুরস্কারের সিদ্ধান্ত ঘোষণা করবেন এবং এর মধ্য দিয়ে শেষ হবে ২৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।