কুষ্টিয়ায় আজ থেকে ‘লালন স্মরণোৎসব’
বাউলসাধক লালনের মৃত্যুর পর থেকে প্রতিবছর কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালনের সমাধি-চত্বরে অনুষ্ঠিত হচ্ছে দুটি অনুষ্ঠান। একটি লালনের নিজের আয়োজিত অনুষ্ঠানের ধারাবাহিকতা, অন্যটি তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আজ শুরু হচ্ছে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণোৎসব।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, লালন একাডেমির আয়োজনে এই উৎসব আজ শনিবার সন্ধ্যায় উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।লালন একাডেমীর সহসাধারণ সম্পাদক এনামুল হক জানান, লালন উৎসব উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লালনভক্ত ও অনুসারী ছেঁউড়িয়ায় লালনের মাজার চত্বরে আসতে শুরু করেছেন। পাঁচ দিনের অনুষ্ঠানের মধ্যে লালনের স্মৃতিচারণা, লালনসংগীত ও লালন মেলা অন্তর্ভুক্ত রয়েছে। আগামী বুধবার মধ্যরাতে পাঁচ দিনের এই উৎসব শেষ হবে। কুষ্টিয়া এবং দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের পাশাপাশি সংগীত অঙ্গনের জনপ্রিয় তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে এ অনুষ্ঠানে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাতব্যাপী চলবে গানের আসর।এরই মধ্যে মূল আখড়াবাড়ির প্রাঙ্গণ এবং এর সামনের বিশাল মাঠে সাজসজ্জার কাজ শেষ হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে ভক্তদের উপস্থিতিতে জনাকীর্ণ হয়ে ওঠে লালনের সমাধিস্থল। বিদেশ থেকেও এসেছেন লালনের অনুরাগীরা। বিকেল নাগাদ তিল পরিমাণ জায়গা ছিল না সমাধির প্রাঙ্গণে। নিরাপত্তায় প্রশাসন নিয়েছে কড়া নজরদারি। দলে দলে বাউলেরা আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে। আখড়ার বিপরীত দিকের মাঠে বাউল-ফকিরদের গানের আসরের পাশাপাশি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।বাউলসাধক লালন শাহ দেহত্যাগ করেন ১ কার্তিক ১২৯৭ সনে। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় প্রতিবছর এই দিনে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভক্তরা পালন করেন ‘লালন স্মরণোৎসব’।