কুষ্টিয়ায় দুই দিনের লালন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন ফকির শায়িত মাটির নিচে। সেই জায়গাটাই লালনের ধাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেখানে আয়োজন করেছে দুই দিনের লালন মেলা। উদ্দেশ্য, ফকির লালন শাহের সৃষ্টিকর্ম ও তাঁর বিচরণক্ষেত্র নিয়ে গবেষণা ও দেশের লুপ্তপ্রায় সাংস্কৃতিক বোধকে প্রাণবন্ত করা, ধারাবাহিক আয়োজনের মধ্য দিয়ে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ধারা ও দর্শনচিন্তার ধারাবাহিক ইতিহাস নির্মাণ।
মেলার ব্যবস্থাপনায় সহযোগিতা করছে কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও লালন একাডেমি। লালন সমাধি প্রাঙ্গণে ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে দুই দিনের উৎসব।
গতকাল রোববার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ। লিয়াকত আলী জানান, এবারের উৎসবটি উদ্বোধন করবেন ১০ জন বাউলসাধক। লালন আখড়ার নিকটবর্তী নদীতে একটি নৌ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। যেখানে নৌকায় গাইতে গাইতে নদী পার হবেন বাউলেরা। উৎসবে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে প্রতিশ্রুতিশীল ৬৪ জন লালনসংগীত শিল্পী, ৪০ জন বাউল ও জনপ্রিয় লালনসংগীত শিল্পী গান পরিবেশন করবেন। এ ছাড়া থাকছে সেমিনার ও মুক্ত আলোচনা।