কুষ্টিয়ায় লালন উৎসব
১৬ অক্টোবর কুষ্টিয়ায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বার্ষিক লালন উৎসব। এ উপলক্ষে কুষ্টিয়ার শহরতলি ছেঁউড়িয়ায় লালনের মাজার চত্বরে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, লালন একাডেমির আয়োজনে এবং বেসরকারি মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ওই উৎসব শনিবার সন্ধ্যায় উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদ।লালন উৎসব উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লালনভক্ত ও অনুসারী ছেঁউড়িয়ায় লালনের মাজার চত্বরে আসতে শুরু করেছেন। বাউলসম্রাট ফকির লালন শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এই স্মরণ-উৎসব ও মেলা হয়। পাঁচ দিনের অনুষ্ঠানের মধ্যে লালনের স্মৃতিচারণা, লালনসংগীত ও লালন মেলা অন্তর্ভুক্ত রয়েছে। আগামী বুধবার মধ্যরাতে পাঁচ দিনের এ অনুষ্ঠান শেষ হবে।কুষ্টিয়া শহরতলির ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি প্রতিবছর এই সময়ে অগণিত লালনভক্ত, সাধু, বাউল আর দর্শনার্থীদের পদভারে মুখরিত থাকে। লালন উৎসব উপলক্ষে সারা দেশ, এমনকি বহির্বিশ্ব থেকেও ছুটে আসেন অগণিত ভক্ত। লালন একাডেমি ও মরা কালীনদীর পাড় ঘেঁষে বিশাল মাঠজুড়ে মেলা বসে বাউল সাধুদের। অবিরাম চলে লালনের অপূর্ব সুরের মূর্ছনা। সবাই মজে ওঠে সেই উদাসী গানে। কোনো কিছুই আটকে রাখতে পারে না হাজার হাজার লালনপ্রেমী মানুষ আর অনুসারীকে। শনিবার থেকে অনুষ্ঠান শুরু হলেও অগণিত লালনভক্ত ও অনুসারী কয়েক দিন আগেই এসে আসন গাড়তে শুরু করেছেন আখড়াবাড়িতে।মূল আখড়াবাড়ির প্রাঙ্গণ এবং এর সামনের বিশাল মাঠে সাজসজ্জার কাজ শেষ। এ জায়গাটাই হাজারো লালনভক্ত, সাধু-বাউল ও দর্শনার্থীর ভিড়ে মুখরিত থাকবে। কোন এক উদাসী টানে দূর-দূরান্ত থেকে এঁরা ছুটে আসছেন এই বাউলধামে। এরই মধ্যে বিশাল এ আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে অনুষ্ঠানের আয়োজক লালন একাডেমি কর্তৃপক্ষ। মাজার চত্বরের সামনের খোলা ময়দানে শতাধিক স্টল দিয়ে দেশি হস্তশিল্পের তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসা লালন মেলাও বেশ জমে ওঠে।‘বাড়ির পাশে আরশি নগর/ সেথা এক পড়শি বসত করে’, ‘মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই কুল হারাবি/ মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘এলাহী আলমীন গো আলা বাদশা আলমপনা তুমি’—এ রকম অসংখ্য লালনসংগীতের সুরের মূর্ছনায় পুরো ছেঁউড়িয়া এলাকা উত্তাল হয়ে উঠবে এই পাঁচ দিন।