কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পারে লয়ে যাও আমায়’ শিরোনামে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মাজারে পাঁচ দিনব্যাপী লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ শনিবার। উৎসব চলবে ১৯ মার্চ মধ্যরাত পর্যন্ত।
আজ সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে উৎসবে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট লালন গবেষক ও লেখক আনোয়ারুল করিম।
ইতিমধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভক্ত-অনুসারীরাও আখড়াবাড়িতে চলে এসেছেন। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে স্মরণোৎসবে আলোচনা, লালন মেলা ও লালন সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে।
লালন একাডেমির সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী বলেন, গত বছরের চেয়ে এবার আখড়াবাড়িতে সাধু, ভক্ত ও অনুসারীদের ভিড় বেশি হবে। উৎসব নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
বাউলসম্রাট ফকির লালন শাহ জীবদ্দশায় দোলপূর্ণিমা তিথিতে সাধুদের নিয়ে এক দিন গানের আসর বসাতেন। এরই ধারাবাহিকতায় লালন একাডেমি প্রতিবছর এই দিনে লালন স্মরণোৎসব পালন করে আসছে। কালের বিবর্তনে আয়োজনটি পাঁচ দিনে রূপ নিয়েছে। কুষ্টিয়া অফিস