কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ
লালন সাঁইয়ের স্মরণোৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। পাঁচ দিনব্যাপী এই উৎসব হবে কুষ্টিয়ার শহরতলি ছেঁউড়িয়ায় সাঁইজির মাজার প্রাঙ্গণে। জীবৎকালে তিনি ফাল্গুনের শেষে দোলপূর্ণিমা তিথিতে গানের আসর করতেন। ১৮৯০ সালে লালন সাঁইয়ের তিরোধানের পর থেকে তাঁর ভক্ত অনুসারীরা দোলপূর্ণিমায় মাজার চত্বরে স্মরণোৎসব হিসেবে গানের আসরের আয়োজন করে আসছেন। কালক্রমে এটি বাউলসাধক শিল্পী ও সংগীতানুরাগীদের বিশাল উৎসবে পরিণত হয়েছে।উৎসব উপলক্ষে লালনের মাজার চত্বরে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালার। সন্ধ্যা সাড়ে সাতটায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত উৎসবের উদ্বোধন করবেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ বেগম সুলতানা তরুণ। পাঁচ দিনের এ অনুষ্ঠানের মধ্যে রয়েছে লালনের জীবনদর্শন নিয়ে আলোচনা, সংগীত ও লালন মেলা। প্রথম দিনে প্রধান আলোচক থাকবেন লালন একাডেমির সহসভাপতি আবদুর রশীদ চৌধুরী। আগামী মঙ্গলবার মধ্যরাতে পাঁচ দিনের এ অনুষ্ঠানের শেষ হবে।আয়োজকেরা জানিয়েছেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে শত শত লালনভক্ত ও অনুসারীরা ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছেন। লালন একাডেমি ও মরা কালীগঙ্গা নদীর পাড় ঘেঁষে বিশাল মাঠে জুড়ে মেলা বসেছে বাউল সাধুদের। অবিরাম চলবে লালনের অপূর্ব সূরমূর্ছনা। সবাই মজবে উদাসী গানে। প্রতিদিন হাজার হাজার লালনপ্রেমী আর অনুসারীদের পদচারণায় মুখরিত থাকবে লালনের মাজার। মাজার চত্বরের পাশে বিশাল মাঠজুড়ে শতাধিক স্টলে গ্রামীণ মেলার পসরা বসেছে।লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী খান প্রথম আলোকে বলেন, মূলত পূর্ণিমা তিথিতেই সাঁইজি দোল উৎসব পালন করতেন। কিন্তু এটি এখন এটতাই প্রসারিত হয়েছে যে দেশের সব অঞ্চল, এমনকি বিদেশ থেকে অসংখ্য লালনভক্ত অনুসারীরা আসেন। তাদের আসতে-যেতে দুই দিন লেগে যায়। এসব মাথায় রেখে পাঁচ দিনের আয়োজন করা হয়েছে। এই পাঁচ দিনে প্রায় আট থেকে নয় লাখ লালনভক্ত-অনুসারীর সমাগম ঘটবে বলে আয়োজকেরা আশা করছেন।