কুষ্টিয়ায় ‘গেরিলা’র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাসির উদ্দীন ইউসুফ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলার তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মো. কামালউদ্দিন, ছাত্র উপদেষ্টা মেহের আলী, প্রক্টর মাহবুবুল আরফিন, ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, প্রযোজক এশা ইউসুফ, ছবির অন্যতম অভিনেতা শতাব্দী ওয়াদুদ প্রমুখ। গেরিলা ছবির প্রদর্শনীর প্রথম দিনে মিলনায়তনে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে ছবিটি প্রদর্শিত হবে। প্রদর্শনীর প্রাক্কালে পরিচালক দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমার এ চলচ্চিত্রটি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বর্তমানের তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখার জন্য প্রেরণা জোগাবে।’