কুসুম কুসুম কথা
‘প্রস্তুতি যেমনই থাক, পরীক্ষার হলে যেতে কখনোই খুব একটা ভয় পেতাম না। প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর মুহূর্তে কিংবা প্রথম দু-একটা নাটকের সেটে অবশ্য ভয় পেতাম। আজ এত বছর পর আমার মধ্যে সেই ভয় আবার ভর করেছে। আমার প্রথম চলচ্চিত্র গহীনে শব্দ মুক্তি পেতে যাচ্ছে। এই একটি চলচ্চিত্রের সঙ্গে কত-শত স্মৃতি জড়িয়ে আছে। প্রথম দিন শুটিংয়ের আগে তো আমার গায়ে ১০২-১০৩ ডিগ্রি জ্বরই চলে এসেছিল। আট বছরের অভিনয়জীবনে কখনোই পরীক্ষা, অসুস্থতা—এসব কারণে শুটিং প্যাকআপ করিনি। কিন্তু গহীনে শব্দ করতে গিয়ে এতটাই সিরিয়াস ছিলাম, গা কাঁপুনি দিয়ে জ্বর চলে এসেছিল। বাধ্য হয়েই প্যাকআপ করতে হয়েছিল।’ বলছিলেন কুসুম সিকদার।লাক্স মিস ফটোজেনিক ২০০২ হওয়ার পর থেকেই চলচ্চিত্রের অসংখ্য প্রস্তাব পেয়েছিলেন কুসুম, ‘কিন্তু কেন জানি যেসব ছবির প্রস্তাব পেতাম, মন সায় দিত না। গহীনে শব্দ সই করার মুহূর্তেও আরেকটি প্রস্তাব ছিল। তবে আমি গহীনে শব্দকেই বেছে নিই। প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম, পরিচালক খালিদ মাহমুদ মিঠু, ছবির গল্প—কোনোটাই হাতছাড়া করার সাহস করতে পারিনি।’ পরিচালক মিঠুর সঙ্গে এর আগেও কুসুম কাজ করেছিলেন। লাক্স মিস ফটোজেনিকের তকমা গায়ে লাগানোর আগে কুসুমের স্বকণ্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছিলেন মিঠু। ‘তবে মিঠু ভাই কখনোই আমাকে তাঁর নাটকে নেননি। বলা যায়, এই ছবি করতে গিয়েই আট-নয় বছর পর তাঁর সঙ্গে দেখা। এই ছবি আমার মতো মিঠু ভাইয়েরও প্রথম চলচ্চিত্র। কণ্ঠশিল্পী হায়দার হোসেনের প্রথম অভিনীত চলচ্চিত্র। রেজওয়ানা চৌধুরী বন্যা এই প্রথম আধুনিক গানে প্লেব্যাক করেছেন। আমার ও ইমনের একসঙ্গে অভিনীত প্রথম কাজ। নাটকেও সাধারণত আমি মেকআপ তেমন নিই না, তবে এ ছবিতে (পয়লা বৈশাখের দৃশ্যটি বাদে) মাশকারা ছাড়া আমি কোনো মেকআপই ব্যবহার করিনি। বলা যায়, অনেক ‘প্রথম’-এর সমাবেশ এই এক ছবিতে।’কুসুমের চরিত্রটা কী? ছবির গল্পটাই বা কী রকম? ‘ছবির গল্প আমাদের চারপাশের কাহিনি নিয়েই। তবে এ রকম কাহিনি এর আগে কোনো চলচ্চিত্রে এসেছে বলে মনে হয় না। গহীনে শব্দ একই সঙ্গে মানবপ্রেমের ছবি, আবার দেশপ্রেমেরও। আমার ও ইমন—দুজনের পরিবারের মধ্যেই বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের স্বাধীনতাযুদ্ধের চেতনা কাজ করে। প্রেমিকের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা—দুয়ে মিলে সম্পর্ক একসময় জটিলতার দিকে মোড় নেয়।’শুটিং করার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে কুসুম বলেন, ‘পুবাইল, সাভার, ধামরাই, ধানমন্ডি, টিএসসি, কক্সবাজার, রাঙামাটিতে শুটিং করেছি। একবার রাঙামাটিতেই আমরা মরতে বসেছিলাম। কাপ্তাই বাঁধের ওখানে কর্ণফুলী লেকের ওদিকটা দিয়ে যাওয়ার সময়ই শুনেছিলাম, ওটার নিচে নাকি ১৯৫৯-এর দিকে রাজাদের শহর ছিল। পুরো শহর এখন পানির নিচে। অদ্ভুত গা-কাঁপানো অনুভূতি হচ্ছিল। সেই পানির নিচ থেকে গাছের বড় দুটি গুঁড়ি (সাত-সাড়ে সাত ফুট উঁচু) বের হয়ে ছিল। পানির নিচে মানুষখেকো মাছ, ডাঙায় দস্যুর ভয়; আমি আবার সাঁতার জানি না। সব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে আমাকে ও ইমনকে দুটি গাছের গুঁড়িতে বসিয়ে দিয়ে গেল সবাই। আর পুরো ইউনিট দূরে জাহাজে চলে গেল। ভয় ছিল, ওই গাছ যদি ডুবে যায়, আমরাও ডুবে যাব। প্রচণ্ড গরমের মধ্যে সেই শটটিও এক টেকে ওকে হয়েছিল। আরেকবার হরিণা পাহাড়ে কড়া রোদের মধ্যে শুটিং করেছিলাম। ইউনিটের সদস্যদের ধরে সালোয়ার-কামিজ পরে পাহাড়ে উঠেছি। পা কেটে গেছে। একেকজনের চেহারা পুড়ে ছাই। তাও ভালো, চরিত্রের মধ্যে ছিলাম।’গহীনে শব্দ তো ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিং চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশে রেইনবো চলচ্চিত্র উত্সবে সমালোচক বিভাগে এটি সেরা চলচ্চিত্রেরও পুরস্কার পেয়েছে। উত্সবে প্রদর্শিত ছবির প্রতি সাধারণ দর্শকের তেমন একটা আগ্রহ থাকে না—এ কথা স্মরণ করিয়ে দিতেই কুসুমের কণ্ঠে প্রতিবাদী সুর, ‘আমি বিশ্বাস করি, সাধারণ দর্শকের আগ্রহ শুধু ভালো ছবি দেখা নিয়ে। সেটা উত্সবে প্রদর্শিত হলো কি হলো না, বিকল্প না বাণিজ্যিক—এসব নিয়ে তারা মাথা ঘামায় না। গহীনে শব্দ ছবিতে প্রেম আছে, গান আছে। আমার বিশ্বাস, দর্শক এই ছবি বারবার দেখবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে। দর্শকদের অনুরোধ করব, প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখুন।’