কুসুমের উচ্ছ্বাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুসুম শিকদার
কুসুম শিকদার

মডেল-টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী কুসুম শিকদার অনেক বছর ধরেই মিডিয়ায় কাজ করছেন। এর মধ্যে অনেকের সঙ্গে অভিনয়ও করেছেন। কিন্তু নায়করাজ-খ্যাত রাজ্জাকের সঙ্গে কোথাও অভিনয়ের সুযোগ হয়নি তাঁর। এবারই প্রথম সেই সুযোগ পেলেন তিনি। রাজ্জাকের সহশিল্পী হিসেবে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত কুসুম। ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটির নাম ‘থট রিডার’। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ করেছেন কুসুম।

প্রথম আলো ডটকমকে কুসুম বলেন, ‘সত্যিই আমি অনেক বেশি উচ্ছ্বসিত। অনেক চমত্কার একটি নাটক। নাটকে আমি ও রাজ্জাক আংকেল চিকিত্সকের চরিত্রে অভিনয় করেছি। আমাদের দুজনের মধ্যে একটা নির্দিষ্ট সময় পর কিছু জটিলতা তৈরি হয়। আসলে গল্পের পুরোটা বলতেও চাচ্ছি না। এতটুকু বলতে পারি, নাটকটি দেখার পর দর্শকদের অনেক ভালো লাগবে।’

কুসুম আরও বলেন, ‘আমি এমনিতে নাটকের কাজ খুব একটা করি না। গল্প, নির্মাতা এবং নিজের অভিনীত চরিত্রে অভিনয়ের সুযোগ থাকলে অভিনয় করতে সম্মত হই। “থট রিডার” নাটকের গল্পটি বেশ ভালো লেগেছে। তাই কাজটি করতে রাজি হয়েছি। তা ছাড়া সহশিল্পী হিসেবে রাজ্জাক আংকেলের সঙ্গে অভিনয়েরও একটা ইচ্ছে পূরণ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’

উল্লেখ্য, ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ‘লালটিপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য কুসুম শিকদার মেরিল-প্রথম আলো তারকা জরিপে যৌথভাবে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন।