কুড়িগ্রামের শেষ প্রেক্ষাগৃহটিও বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধ হয়ে যাওয়া মিতালী সিনেমা হল l ছবি: প্রথম আলো
বন্ধ হয়ে যাওয়া মিতালী সিনেমা হল l ছবি: প্রথম আলো

বন্ধ হয়ে গেল কুড়িগ্রাম শহরে চালু থাকা শেষ সিনেমা হল ‘মিতালী সিনেমা’। এই হলটিতে গত বৃহস্পতিবার শেষবারের মতো প্রদর্শিত হয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত অহংকার ছবিটি। শহরজুড়ে লাগানো অহংকার ছবির পোস্টারের সঙ্গে বাড়তি কাগজে লেখা হয়েছে, ‘আগামী ১২-১০-২০১৭ বৃহস্পতিবার আজীবনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। শেষবারের মতো ছবি দেখিলে দেখে নেন।’
সিনেমা হল বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে হলটির স্বত্বাধিকারী জোবায়ের হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরে ব্যবসা ভালো চলছিল না। কর্মচারীদের বেতন ওঠানোই কঠিন হয়ে পড়েছিল। তা ছাড়া এটা আমাদের পারিবারিক সম্পত্তি। ভাইবোনের মধ্যে বণ্টন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’
জোবায়ের হোসেন আরও জানান, ১৯৬৫ সালে কুড়িগ্রামের পুরোনো শহরের পোস্ট অফিসপাড়ায় স্থাপিত হয় মিতালী সিনেমা হল। প্রথম দিন প্রদর্শিত হয় আবদুল জব্বার পরিচালিত জোয়ার এলো ছবিটি। ১৯৭৯ সালে এটি স্থানান্তর করে শাপলা চত্বর এলাকায় আনা হয়। তারপর থেকে এ পর্যন্ত সচল ছিল সিনেমা হলটি।
প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সিনেমা হলটি বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমেই সিনেমা হলশূন্য হলো কুড়িগ্রাম শহর। এর আগে কুড়িগ্রামের ঝিনুক, চিত্রা, পূর্বাশা নামের তিনটি হল বন্ধ হয়ে গেছে।