কৃষক আর ছাত্রছাত্রীদের নিয়ে অন্য রকম রিয়েলিটি শো
‘একজন কৃষক সারা জীবন ফসল উৎপাদন করেন। কষ্ট ও নানা ত্যাগের বিনিময়ে নগরের মানুষের জন্য খাদ্য উৎপাদন করেন। কৃষকের যা অবদান, তাঁকে সেই পরিমাণ সম্মান করতে পারি না। মনে রাখতে হবে, একজন কৃষক শুধু উৎপাদনের যন্ত্র নন। নাগরিক শিক্ষার্থীদের মধ্যে কৃষি উৎপাদন, বাণিজ্যব্যবস্থা ও শ্রম সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদানের জন্য শুরু হচ্ছে ‘িফরে চল মাটির টানে’ নামে চ্যানেল আইয়ের নতুন কার্যক্রম।’ বললেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ।গতকাল দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির ঘোষণা দেন তিনি।এটি একটি অন্য ধরনের রিয়েলিটি শো। আর তা শুরু হচ্ছে ১৬ জানুয়ারি নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাদ গ্রামে। ওখানে কৃষকের বাস্তব জীবনের অভিজ্ঞতা জানার জন্য, তাঁদের সঙ্গে থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী রিয়াদ মোহাম্মদ নূর, মোহাম্মদ ওয়ালিউল হক, নিশাত ফাহমিদ ভূঁইয়া ও মাসুক ইমতিয়াজ তিন দিন কাজ করবেন।শাইখ সিরাজ জানান, এর পুরো অংশটি ধারণ করা হবে। আর তা দেখানো হবে ২২ জানুয়ারি চ্যানেল আইয়ে ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে।তিনি আরও জানান, বিভিন্ন ফসলি মৌসুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে প্রত্যন্ত গ্রামে। এটি একটি প্রতিযোগিতা। এখান থেকে বিভিন্ন পর্যায়ের সেরাদের নিয়ে সামনে আয়োজন করা হবে ‘গ্র্যান্ড ফিনালে’ অনুষ্ঠান।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন।