কৃষক আর শিক্ষার্থীদের নিয়ে ‘ফিরে চল মাটির টানে’
কৃষিবিষয়ক কার্যক্রমের ধারাবাহিকতায় চ্যানেল আই এবার নতুন এক উদ্যোগ নিয়েছে—আগামী প্রজন্মের কাছে কৃষি ও কৃষকের গুরুত্ব তুলে ধরার জন্যই এই আয়োজন। চ্যানেল আইয়ের নতুন এই উদ্যোগের নাম ‘ফিরে চল মাটির টানে’। নাগরিক শিক্ষার্থীদের কৃষি উত্পাদন ও বাণিজ্যব্যবস্থা এবং শ্রম-সম্পর্কিত ব্যবহারিক ধারণা দেওয়ার এই কার্যক্রম শুরুর আগে আজ বুধবার চ্যানেল আইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ দেশের অর্থনীতির প্রধানতম চালিকা শক্তি কৃষি, কিন্তু কৃষি যুগ যুগ ধরে রয়ে গেছে নাগরিক চিন্তাভাবনার আড়ালে। কৃষকেরা দেশের ১৬ কোটি মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য কঠিন কষ্ট ও ত্যাগ স্বীকার করছেন। কিন্তু নতুন প্রজন্ম দূরের কথা শহরের আজকের নাগরিকেরা পর্যন্ত কৃষি উত্পাদন প্রক্রিয়ার ভেতরের কষ্টগুলো অনুভব করতে পারে না। এমনকি কৃষি উত্পাদন ও বাণিজ্য ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কেও তাদের ধারণা নেই। এটি কৃষিপ্রধান বাংলাদেশের জন্য একটি বড় ব্যবধান। নতুন প্রজন্মের কাছে এই ব্যবধান কমিয়ে আনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এরই অংশ হিসেবে প্রথমেই ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চারজন ছাত্রকে তিন দিনের জন্য গ্রামে নিয়ে গিয়ে কৃষক ও কৃষিশ্রমিকের কাজে নিয়োজিত করা হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ জানুয়ারি থেকে নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রাম থেকে শুরু হবে চার শিক্ষার্থীর কৃষি কার্যক্রম।আয়োজন থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে বছরের শেষে অনুষ্ঠিত হবে চূড়ান্ত রাউন্ডের কার্যক্রম। সেখানে এসব শিক্ষার্থীর অভিজ্ঞতা, জরিপসহ সব কার্যক্রম তুলে ধরা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ‘হূদয়ে মাটি ও মানুষ’ ফেলো হিসেবে পাবেন বিশেষ সনদ।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন।সবশেষে উপস্থিত সবার উদ্দেশে ‘কৃষকের দিনরাত্রি’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।